ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১৮ শতাংশের বেশি বাড়ানোর জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রস্তাব দিয়েছে বিতরণের দায়িত্বে থাকা দুটি কোম্পানি।
এর মধ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ২১ দশমিক ৯৪ শতাংশ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গড়ে ১৮ দশমিক ৯৯ শতাংশ বাড়ানোর কথা বলেছে।
পাশাপাশি সব শ্রেণীর গ্রাহকের ন্যূনতম বিল চার্জ, সার্ভিস চার্জ ও ডিমান্ড চার্জও বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠান দুটি।
রোববার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) এক উম্মুক্ত সভায় এ প্রস্তাব দুটি আলোচনার জন্য গ্রহণ করা হয়।
সকাল ১১টায় ডেসকোর পক্ষে মহাব্যবস্থাপক (অপারেশন) মো. শফিকুল ইসলাম চৌধুরী এবং দুপুর দেড়টায় ওজোপাডিকোর পক্ষে পরিচালক (অর্থ) মো. আমিনুর রহমান কমিশনের ৪৮ তম উম্মুক্ত সভায় প্রস্তাব দুটি উপস্থাপন করেন।
এর আগে গত ১৯ জুন ডেসকো ১৩ দশমিক ১৬ শতাংশ এবং ২০ জুন ওজোপাডিকো ১৩ দশমিক ১৩ দশমিক ১১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয়। তবে বিআরইসির পরামর্শে গত ১০ অগাস্ট ডেসকো এবং ২ অগাস্ট ওজোপাডিকো সংশোধিত প্রস্তাব জমা দেয়।
রাজধানীর মিরপুর, উত্তরা, বনানী, গুলশান এবং গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স¤প্রতি দুইধাপে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হলেও সে অনুযায়ী গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয়নি। পাশাপাশি নতুন বেতন স্কেলে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হলেও আয় বাড়েনি।"
"এ অবস্থায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ানো হলে কোম্পানির কর্মকাণ্ড স্থবির হয়ে পড়বে। গ্রাহক সেবার মানও পড়ে যাবে", যোগ করেন তিনি।
এসব বিষয় বিবেচনা করেই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ২১ দশমিক ৯৪ শতাংশ বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ডেসকোর এমডি।
ডেসকোর এই প্রস্তাবের ওপর আগামী ১৩ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে বিইআরসি। ২০ অক্টোবর গণশুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
দাম বাড়ানোর প্রস্তাবকারী অপর প্রতিষ্ঠান ওজোপাডিকো বিদ্যুৎ সরবরাহ করে খুলনা ও বরিশাল মহানগরীসহ আশপাশে ২১টি জেলায়।
এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এম হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রস্তাবিত ট্যারিফ অনুযায়ী দাম বাড়ানো না হলে কোম্পানিকে বছরে ৭০ কোটি ৩৯ লাখ টাকা লোকসান দিতে হবে। কারণ দুই ধাপে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, কিন্তু গ্রাহক পর্যায়ে দাম সেভাবে বাড়েনি।"
এ কারণে গড়ে ১৮ দশমিক ৯৯ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান ওজোপাডিকোর এমডি।
তাদের প্রস্তাবের ওপর আগামী ১৬ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্টদের মতামত দিতে বলেছে বিইআরসি। এরপর ২৪ অক্টোবর গণশুনানি করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিইআরসি।
সর্বশেষ গত ৮ ফেব্র"য়ারি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম 'অন্তবর্তী' সময়ের জন্য গড়ে চার টাকা থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে চার টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। ১ ফেব্র"য়ারি থেকে এ দাম কার্যকর হয়।
তখন বলা হয়েছিলো- আবাসিক গ্রাহকদের ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে, সেচ সংযোগ এবং অনাবাসিক (ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ) গ্রাহকের জন্য এই বর্ধিত দাম কার্যকর হবে না।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, "ডেসকো ও ওজোপাডিকোর প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তবে তারা যে হারে দাম বাড়ানোর প্রস্তাব করেছে তা গ্রাহকদের জন্য কতোটা যৌক্তিক হবে তাও লক্ষ্য রাখতে হবে।"
দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে গ্রাহক সেবার বিষয়টিও যাতে নিশ্চিত করা হয়- বিইআরসি সে বিষয়ে কঠোর হবে বলে জানান তিনি।
অন্যদের মধ্যে বিইআরসির সদস্য মো. ইমদাদুল হক, সেলিম মাহমুদ, ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আবু ফারুক সভায় উপস্থিত ছিলেন।
ডেসকোর প্রস্তাব
ডেসকোর প্রস্তাবে আবাসিক গ্রাহকদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম ২ টাকা ৬০ পয়সা থেকে ৩ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করতে বলেছে।
একইভাবে ১০১ ইউনিট থেকে ৫০০ ইউনিট পর্যন্ত দাম ৩ টাকা ৪৬ পয়সা থেকে ১৪ দশমিক ৪৫ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ৯৬ পয়সা, ৫০১ ইউনিট থেকে ১০০০ ইউনিটের ক্ষেত্রে দাম ৫ টাকা ৯৩ পয়সা থেকে ৯ দশমিক ৬১ শতাংশ বাড়িয়ে ৬ টাকা ৫০ পয়সা এবং ১০০০ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে ৫ টাকা ৯৩ পয়সা থেকে ২৬ দশমিক ৪৮ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ৫০ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
এর আগে ৫০০ ইউনিটের ওপর বেশি ব্যবহারকে 'সর্বোচ্চ ব্যবহার' গণ্য করা হতো। ডেসকো তাদের নতুন প্রস্তাবে ১০০০ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচকেই 'সর্বোচ্চ ব্যবহার' ধরতে বলেছে।
এছাড়া বাণিজ্যিক গ্রাহক পর্যায়ে ১৩ দশমিক ৪২ থেকে ১৫ দশমিক ৫৬ শতাংশ, দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১৩ দশমিক ৪৪ শতাংশ, সেচে ৩ দশমিক ৬৩ শতাংশ, ক্ষুদ্র শিল্পে ১৩ দশমিক ৩৬ শতাংশ, বৃহৎ শিল্পে ১৩ দশমিক ৪৭ থেকে ১৫ দশমিক ৩৬ শতাংশ এবং রাস্তার বাতির জন্য ১৩ দশমিক ৯২ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ডেসকো।
ওজোপাডিকোর প্রস্তাব
ওজোপাডিকো তাদের প্রস্তাবে আবাসিক গ্রাহকদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম ২ টাকা ৬০ পয়সা থেকে ৭ দশমিক ৬৯ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা করতে বলেছে।
একইভাবে ১০১ ইউনিট থেকে ৫০০ ইউনিট পর্যন্ত দাম ৩ টাকা ৪৬ পয়সা থেকে ১৫ দশমিক ৬১ শতাংশ বাড়িয়ে ৪ টাকা, ৫০১ ইউনিট থেকে ১০০০ ইউনিটের ক্ষেত্রে ৫ টাকা ৯৩ পয়সা থেকে ৯ দশমিক ৬১ শতাংশ বাড়িয়ে ৬ টাকা ৫০ পয়সা এবং ১০০০ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে ৫ টাকা ৯৩ পয়সা থেকে প্রায় ২৭ শতাংশ বাড়িয়ে ৮ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
ডেসকোর মতো ওজোপাডিকোও ১০০০ ইউনিটের বেশি ব্যবহারকে 'সর্বোচ্চ ব্যবহার' ধরতে বলেছে।
এছাড়া বাণিজ্যিক গ্রাহক পর্যায়ে ২১ দশমিক ৩৭ থেকে ৩৪ দশমিক ১২ শতাংশ, দাতব্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২২ দশমিক ৩৯ শতাংশ, সেচে ১৮ দশমিক ৩৫ শতাংশ, ক্ষুদ্র শিল্পে ২৩ দশমিক ৪০ শতাংশ থেকে ২৮ দশমিক ০৭ শতাংশ, বৃহৎ শিল্পে ২৬ দশমিক ০৭ থেকে ২৮ দশমিক ৯৫ শতাংশ এবং রাস্তার বাতির জন্য ১৫ দশমিক ১১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওজোপাডিকো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৯০৮ ঘ.
bdnews24