ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অব্যাহত দরপতনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে মানববন্ধব করেছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা।
গত সপ্তাহেও তারা বাজারের নিুমুখী ধারার কারণে রাস্তা অবরোধ করে, টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায়।
বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে একদল বিনিয়োগকারী রোববার দুপুর পৌনে ১টার দিকে ডিএসইর সামনে মানববন্ধব শুরু করে। এ সময় তারা শেয়ার বাজার স্থিতিশীল করাসহ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার বহন করছিলেন।
সপ্তাহের প্রথম দিন ডিএসইতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় সাধারণ মূল্যসূচক কমে যায় ৬৩ পয়েন্ট। অধিকাংশ শেয়ারে দামও কমে যায় ওই সময় পর্যন্ত।
রোববার বেলা ১১টায় ৫ হাজার ৯৬৬ পয়েন্ট নিয়ে লেনদেন শুরুর পর ১টায় সূচক সূচক কমে হয় ৫ হাজার ৯০২ পয়েন্ট।
কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও বাজার চাঙ্গা না হওয়ার কারণ জানতে চাইলে ডিএসইর প্রথম সহ-সভাপতি আহসানুল ইসলাম বলেন, অনেক বিনিয়োগকারী মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনে রেখেছেন। বাজার একটু উর্দ্ধমুখী হলেই তারা শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয় করছেন। বাজারের নিুমুখী প্রবণতার এটিও একটি কারণ হতে পারে।
ঈদের ছুটির পর থেকেই দেশের প্রধান পুঁজিবাজারে দরপতনের এই ধারা চলছে। ৪ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১০ কর্মদিবসের মধ্যে ৭ দিনই সূচক পড়েছে এ বাজারে।
বাজার স্থিতিশীল করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে একক শেয়ার ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগের নির্দিষ্ট সীমা তুলে দেওয়া হয়েছে। ব্যাংকগুলো থেকে দেওয়া মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর জন্য একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় ডিসেম্বর থেকে আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জেকে/১৩২৯ ঘ.
bdnews24