ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম তিন ঘণ্টায় সাধারণ মূল্যসূচক কমেছে ১০৭ পয়েন্ট। অধিকাংশ শেয়ারে দামও এই সময়ে কমেছে।
রোববার বেলা ১১টায় ৫ হাজার ৯৬৬ পয়েন্ট নিয়ে লেনদেন শুরুর পর দুপুর ২টায় সূচক কমে হয় ৫ হাজার ৮৫৮ পয়েন্ট।
কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও বাজার চাঙ্গা না হওয়ার কারণ জানতে চাইলে ডিএসইর প্রথম সহ-সভাপতি আহসানুল ইসলাম বলেন, "আমরা সবাই পদক্ষেপ নিচ্ছি। কিন্তু বাজার চলবে তার আপন গতিতে।"
"মিউচুয়াল ফান্ডগুলোর ওপর থেকে একক ও খাতভিত্তিক বিনিয়োগে বিধিনিষেধ তুলে নেওয়া হলো। কিন্তু তারা কি করছে আমরা বুঝতে পারছি না। আবার বাংলাদেশ ফান্ড দিয়ে কি হচ্ছে তাও বুঝতে পারছি না", যোগ করেন তিনি।
আহসানুল ইসলাম বলেন, অনেক বিনিয়োগকারী মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনে রেখেছেন। বাজার একটু উর্দ্ধমুখী হলেই তারা শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয় করছেন। বাজারের নিুমুখী প্রবণতার এটিও একটি কারণ হতে পারে বলে মনে করেন তিনি।
ঈদের ছুটির পর থেকেই দেশের প্রধান পুঁজিবাজারে দরপতনের এই ধারা চলছে। ৪ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১০ কর্মদিবসের মধ্যে ৭ দিনই সূচক পড়েছে এই বাজারে।
বাজার স্থিতিশীল করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে একক শেয়ার ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগের নির্দিষ্ট সীমা তুলে দেওয়া হয়েছে। ব্যাংকগুলো থেকে দেওয়া মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর জন্য একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় ডিসেম্বর থেকে আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
এছাড়া ১ ডিসেম্বরের মধ্যে সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার বিষয়েও আদেশ জারি করেছে এসইসি।
গত কয়েকদিনের মতো রোববারও প্রথম দু'ঘণ্টার লেনদেন ছিল 'অপেক্ষাকৃত' কম। দুপুর ২টা পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ২৩৬ কোটি টাকার শেয়ার। তবে প্রথম ঘণ্টার চেয়ে দ্বিতীয় ও তৃতীয় ঘন্টায় লেনদেন বেড়েছে। ১২টা পর্যন্ত হাতবদল হয়েছিল ৭৪ কোটি টাকার শেয়ার।
২টা পর্যন্ত দাম বেড়েছে ২০টি কোম্পানির শেয়ারের, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত ছিল ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৪২৪ ঘ.
bdnews24