ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবিষ্যতে বাংলাদেশে জাপানের প্রচুর বিনিয়োগ হবে এবং দু'দেশের বন্ধুত্বের বন্ধন আরো জোরদার হবে আশাবাদী প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বাংলাদেশে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত তামোৎসু সিনোৎসুকা বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করলে শেখ হাসিনা এ আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে অর্থনৈতিক সহযোগিতা দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের জন্য জাপান সরকার ও সে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে জাপান সরকারের পুনর্বাসন প্রক্রিয়ায় অবদানের কথা স্মরণ করে এ ধরনের সহযোগিতা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী রাষ্ট্রদূত তামোৎসুর বাংলাদেশে দায়িত্ব পালনে প্রশংসা করেন।
আগামী বছর দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছর উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ যৌথভাবে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠান উদযাপন করবে।
রাষ্ট্রদূত তামোৎসু ভয়াবহ সুনামিতে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩১৭ ঘ.
bdnews24