চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে কূপ খনন কাজ সময়মতো শুরু করতে পারছে না অস্ট্রেলীয় কোম্পানি সান্টোস।
প্রকল্পের সময় অনুযায়ী ১৭ সেপ্টেম্বর কূপ খনন শুরু হওয়ার কথা থাকলেও রিগ না আসায় তা হচ্ছে না।
সান্টোসের বাংলাদেশের সভাপতি জন চেম্বার্স বলেছেন, সিঙ্গাপুর থেকে 'রিগ' এসে পৌঁছালে আগামী ২১ বা ২২ সেপ্টেম্বর কূপ খননের কাজ শুরু হবে।
"বঙ্গোপসাগরের তীর থেকে ৩০ কিলোমিটার দূরে ১৬ নম্বর ব্লকে কূপগুলো খনন করা হবে।"
বুধবার রাতে চট্টগ্রামে এক হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
২০০৭ সালের অক্টোবরে বহুজাতিক কোম্পানি কেয়ার্ন এনার্জির কাছ থেকে বঙ্গোপসাগরের ১৬ নম্বর ব্লকের তেল-গ্যাস অনুসন্ধানের দায়িত্ব নেয় সান্টোস ও মার্কিন কোম্পানি হ্যালিবার্টন। তখন থেকে এ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে সান্টোসের ৫০ শতাংশ মালিকানা রয়েছে।
চেম্বার্স বলেন, ১৭ সেপ্টেম্বর দক্ষিণ সাঙ্গু-৪, ১৫ নভেম্বর সাঙ্গু-১১ এবং আগামী ৮ জানুয়ারি উত্তর-পূর্ব সাঙ্গু-১ কূপ খননকাজ শুরু হওয়ার কথা ছিলো।
তিনি জানান, দক্ষিণ সাঙ্গু কূপের খনন কাজ এ বছরের ১৫ নভেম্বর, সাঙ্গু-১১ কূপের ৮ জানুয়ারি এবং সাঙ্গু-১ কূপের খনন কাজ ২২ ফেব্র"য়ারির মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কূপ তিনটির মধ্যে সাঙ্গু-১১ এর খনন হবে আগের স্থাপনা ব্যবহার করে।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জাস্টিন লি, বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ আবুল কাশেম মাস্টার, পেট্রোবাংলার পরিচালক (ফিন্যান্স) রফিকুল ইসলাম খান, পরিচালক (পিএসসি) ইমাদ উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সান্টোস বাংলাদেশের সহ-সভাপতি (গর্ভনমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স) এ বি এ সিরাজ উদ্দৌলাহ বলেন, কূপ খননের কাজে ২৪ ঘণ্টায় পালা করে সাড়ে চারশ' থেকে পাঁচশ' শ্রমিক কাজ করবে।
অনুষ্ঠানে অস্ট্রেলীয় হাইকমিশনার জাস্টিন লি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক অংশিদার। ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২১৪৯ ঘ.
bdnews24