২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক দেশগুলোয় বিদ্যুৎ বিনিময় হতে পারে

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বিনিময়ে একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে এ আঞ্চলিক জোটের জ্বালানিমন্ত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বিনিময়ে একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে এ আঞ্চলিক জোটের জ্বালানিমন্ত্রীরা। জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিফিংয়ে বলেন, হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত জ্বালানিমন্ত্রীদের চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। "সভার সিদ্ধান্তগুলো আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ১৭তম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা হবে।" সার্কভুক্ত দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কা। বিদ্যুৎ বিনিময়ে ওই আঞ্চলিক চুক্তিটি হবে 'সার্ক ইন্ট্রা গভার্নমেন্ট ফ্রেমওর্য়াক এগ্রিমেন্ট অন এনার্জি কো-অপারেশন ইন ইলেকট্রিসিটি' শিরোনামে। সভায় এ চুক্তির খসড়া নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সব দেশ আগামী ৩১ অক্টোবরের মধ্যে মতামত দেবে। "এরপর বিশেষজ্ঞ কমিটির সভায় খসড়া চুক্তিটি চূড়ান্ত করা হবে যা আগামী বছরের মাঝামাঝি সময়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে চূড়ান্ত করা হবে।" ২০০৯ সালে শ্রীলঙ্কার কলম্বোতে সার্কের জ্বালানিমন্ত্রীদের তৃতীয় বৈঠকে জ্বালানি বিষয়ক একটি সমন্বিত ধারণাপত্র গৃহীত হয়। সেই সঙ্গে চারটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটিগুলো তেল ও গ্যাস, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিবিদ্যা বিনিময় সংক্রান্ত। এনামুল হক বলেন, "সভায় সার্ক আঞ্চলিক এনার্জি বাণিজ্য স্টাডি সমীক্ষা গৃহীত হয়েছে। এ সমীক্ষাটি করেছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)।" এ সমীক্ষায় সার্কভুক্ত দেশগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উৎপাদন ও বাণিজ্য ক্ষেত্রে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সমীক্ষাটি দক্ষিণ এশিয়ায় জ্বালানি নিরাপত্তা অর্জনে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। এনামুল হক বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃদেশীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের ব্যাপারে একটি সমীক্ষা করা হবে। "এ সমীক্ষাটির চূড়ান্ত রূপরেখা পরবর্তী বিশেষজ্ঞ কমিটির সভায় নির্ধারণ করা হবে।" ভারতের প্রস্তাব অনুযায়ী ২০১৩ সালে জ্বালানিমন্ত্রীদের পরবর্তী বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। প্রেস বিফিংয়ে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ বলেন, "মন্ত্রীদের এ বৈঠকের আগে বুধবার উচ্চ পদস্থ কর্মকর্তাদের একটি বৈঠক হয়। ওই বৈঠকে প্রতিটি দেশের মধ্যে গবেষণা, জ্ঞান ও তথ্য বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে।" এ লক্ষ্যে আগামী নভেম্বরে ভারতের দিল্লিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এছাড়া এ অঞ্চলের এনার্জি রেগুরেটরি কমিশনগুলোর একটি সভা আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানী প্রতিমন্ত্রী এনামুল বলেন, "বৈঠকে জ্বালানির দাম ও বিপণনের বিষয়টি গুরুত্বসহ আলোচনা হয়েছে। " এর আগে সকালে ঢাকায় একই হোটেলে সার্ক জ্বালানিমন্ত্রীদের ওই বৈঠকের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১২৯ ঘ.