ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য অধিদপ্তরসহ জেলা মৎস্য কর্মকর্তাদের (ডিএফও) বলেছেন ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ অপচয় বন্ধ করতে।
বুধবার জেলা মৎস্য কর্মকর্তাদের দিনব্যাপি সম্মেলনে মন্ত্রী বলেন, "আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালিতে অস্তিত্ববিহীন দুটি বিলের নামের প্রকল্প জমা দেওয়া হয়েছে। আমি মন্ত্রী বলে এ ভুয়া প্রকল্পটি ধরতে পেরেছি। অন্য মন্ত্রী হলে তা পাস হয়ে টাকা ভাগাভাগি হয়ে যেত। কিন্তু এর উদ্দেশ্য কী?"
ভবিষ্যতে এ ধরনের ভুয়া প্রকল্প ধরা পড়লে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন লতিফ বিশ্বাস।
রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জলাশয়ে পোনা ছাড়ার কার্যক্রম
আগামী ৩১ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা ছাড়ার কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়ে লতিফ বিশ্বাস বলেন, এ বছর রাজস্ব খাত ও উন্নয়ন খাত থেকে নয় কোটি করে মোট ১৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে মাছের পোনা ছাড়ার জন্য।
"এ পরিমাণ অর্থের পোনা ছাড়া হলে আগামী বছর মাছের উৎপাদনে আমরা রেকর্ড করতে পারবো। তবে বরাদ্দের পুরো টাকাই পোনা ছাড়তে ব্যয় করতে হবে।"
রাজস্ব খাতের নয় কোটি থেকে প্রত্যেক সংসদ সদস্যকে এক লাখ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছে বলে জানান লতিফ বিশ্বাস।
তিনি বলেন, জাল, ঝুলি (মাছ রাখার পাত্র) এবং নৌকা রয়েছে এমন ব্যক্তিদের জেলে হিসেবে চিহ্নিত করা হবে।
এ বছরের মধ্যেই মানুষকে ফরমালিনমুক্ত মাছ খাওয়ানোর প্রত্যয় ব্যক্ত করে মৎস্যমন্ত্রী বলেন, "এজন্য প্রত্যেক উপজেলায় ফরমালিন পরীক্ষার সামগ্রী পাঠানো হয়েছে। তারা বিভিন্ন বাজারে গিয়ে পরীক্ষা করবে। প্রয়োজনে ওইসব এলাকায় ডিজিটাল কিট পাঠানো হবে।"
মৎস্য গবেষণা ইনস্টিটিউট
দেশে মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রশিক্ষণের জন্য তিনটি মৎস্য গবেষণা ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে।
লতিফ বিশ্বাস বলেন, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জে এগুলো স্থাপন করা হবে। একনেক ১২৩ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি অনুমোদন করেছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই এজন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে।
সরকারের অগ্রাধিকার প্রকল্পের অধীনে চলতি বছরের বাজেট থেকে দেশে বন্ধ থাকা সরকারি হ্যাচারি ও হাঁস-মুরগির খামার সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত দীর্ঘ চার ঘণ্টা মৎস্য কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা ও সাফল্যের বর্ণনা শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
কর্মকর্তারা জনবল সংকট, চলাচলযোগ্য যানবাহনের অভাব, চিংড়ি ঘেরগুলোতে ভাইরাসসহ পরিবেশজনিত সমস্যা, চোরাপথে বিদেশী পোনা আমদানি, বাজেটে অপ্রতুল বরাদ্দ, মৎস্য সংরক্ষণ আইন প্রয়োগে ভ্রাম্যমান আদালত ও অভিযান পরিচালনায় নির্বাহী হাকিম ও পুলিশের অপর্যাপ্ততার কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/২০৪৩ ঘ.
bdnews24