২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার চাঙা করতে আরেকটি উদ্যোগ

মিউচুয়াল ফান্ডের অলস টাকা পুঁজিবাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিউচুয়াল ফান্ডের অলস টাকা পুঁজিবাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একক ও খাতভিত্তিক শেয়ারে মিউচুয়াল ফান্ড বিনিয়োগের কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়টি 'সক্রিয়ভাবে' বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান। বুধবার এসইসিতে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের (অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড) সঙ্গে বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, একটি মিউচুয়াল ফান্ড কত শতাংশ বিনিয়োগ করতে পারবে, তা মিউচুয়াল ফান্ড বিধিমালার পঞ্চম তফসিলে উল্লেখ করা হয়েছে। "বাজারের সুবিধার্থে ফান্ড প্রতিনিধিরা এ ধারাটি স্থগিত রাখার সুপারিশ করেছে। তাদের এ বিষয়টি কমিশন সক্রিয়ভাবে বিবেচনা করছে," বলেন তিনি। এ বিষয়টির ব্যাখ্যা দিয়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সায়ীদ সাংবাদিকদের বলেন, "বর্তমান বিধিমালা অনুযায়ী, কোনো মিউচুয়াল ফান্ড তার মূলধনের সর্বোচ্চ ১০ শতাংশ একক প্রতিষ্ঠানের শেয়ারে এবং সর্বোচ্চ ২৫ শতাংশ একটি খাতের শেয়ারে বিনিয়োগ করতে পারে।" "গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ বিধিমালাটি স্থগিত করা হয়েছিলো। এবারও যদি করা হয় তাহলে মিউচুয়াল ফান্ডগুলোর কাছে অলস কিছু টাকা থাকলে তা বাজারে আসবে এবং বাজারের তারল্য সঙ্কট কিছুটা হলেও দূর হবে," বলেন তিনি। এসইসি মুখপাত্র সাইফুর বলেন, "বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। আমরা সবাই একটি স্থিতিশীল পুঁজিবাজার আশা করছি।" ইয়াওয়ার সায়ীদ বলেন, "চলতি বাজেটে মিউচুয়াল ফান্ডগুলোর ওপর করারোপ করা হয়েছে। এর ফলে ফান্ডগুলোর ওপর বিরূপ প্রভাব বলে আমরা মনে করছি। ফান্ডগুলো লভ্যাংশ দেওয়ার সক্ষমতা কমে যাবে।" মিউচুয়াল ফান্ডের ওপর থেকে কর প্রত্যাহারে জন্য সুপারিশ করা হয়েছে বলে জানান সায়ীদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩৫৫ ঘ.