বেনাপোল, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সরকার চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় বাংলাদেশে আবার আমদানি শুরু হয়েছে।
তিন বছর ৫ মাস পর রোববার শুরু হয়ে গত দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৭৭০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারত সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় রোববার থেকে পুনরায় বাংলাদেশে চাল রপ্তানি শুরু হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপারিনটেনডেন্ট মঞ্জুরুল হক জানান, ভারত সরকার চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় দীর্ঘদিন পর আবার বাংলাদেশে চাল আমদানি শুরু হয়েছে।
ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় ২০০৮ সালের ২৭ মার্চ নিষেধাজ্ঞা জারি করলে সেদেশ থেকে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি তারা এই নিষেধাজ্ঞা তুলে নেয়।
যশোরের নওয়াপড়ার আমাদানিকারক মজুমদার ট্রেডার্স প্রথম দিনেই ১০০ মেট্রিক টন চাউল আমদানি করেছে। কলকাতার সৌভিক এক্সপোর্ট লি. থেকে তারা এ চাল আমদানি করে।
আমদানি করা চালের ঘোষিত মূল্য দেখানো হয়েছে ৩৯ হাজার মর্কিন ডলার বা ২৯ লাখ ২৫ হাজার টাকা। অর্থাৎ প্রতি মেট্রিক টন চালের মূল্য ধরা হয়েছে ৩৯০ মার্কিন ডলার বা ২৯ হাজার ২২৫ টাকা। এ হিসাবে প্রতি কেজি চালের দাম পড়েছে ২৯ টাকার কিছু বেশি।
সোমবার যশোরের নওয়াপাড়ার আমদানিকারক মজুমদার ট্রেডার্স ৫০০ মেট্রিক টন, সোহান এন্টারপ্রাইজ ১২০ মেট্রিক টন এবং মাহবুবুল আলম ৫০ মেট্রিক টন চাল আমদানি করেছে।
রোববার আমদানি করা ১০০ মেট্রিক টন চাল সোমবার বন্দর থেকে খালাস করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২৩৩১ ঘ.
bdnews24