ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে থাকা চিনি ও ভোজ্য তেলের প্রায় দুহাজার ডিও (ডেলিভারি অর্ডার) আগামী এক মাসের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব।
সোমবার সচিবালয়ে চিনি ও ভোজ্যতেল পরিশোধন ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, "মেঘনা গ্র"পের প্রায় দুহাজার ডিও এখনো বাজারে রয়েছে। হয় পণ্য দিয়ে, নাহয় টাকা ফেরৎ দিয়ে এসব ডিও নিষ্পত্তি করতে হবে।"
ডিও প্রথা বাতিল করে পরিবেশক নিয়োগের ক্ষেত্রে মৌলভীবাজার ও খাতুনগঞ্জের মতো বড় বাজারগুলোর দিকে বেশি মনযোগ দেওয়া হয়েছে বলে জানান সচিব।
তিনি বলেন, "যেসব এলাকায় কম নিয়োগ দেওয়া হয়েছে সেখানেও নিয়োগ দিতে বলা হয়েছে।"
চিনি ও ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে গত ২৩ মার্চ সরকার অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১ জারি করে সরকার। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা ডিও পদ্ধতি ২১ জুন থেকে বাতিল হয়ে চালু হয় পরিবেশক পদ্ধতি।
তবে ২১ জুনের আগে ইস্যু করা কিছু ডিও বাজারে থেকে যায় বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান গোলাম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০৪৬ ঘ.
bdnews24