চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে চট্টগ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার নগরীর বন্দর থানায় কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে পূর্ব নাসিরাবাদ সিডিএ এভিনিউ এর 'সিএসএস কর্পোরেশনে'র ব্যবস্থাপনা পরিচালক মো. আবু বক্কর চৌধুরীকে।
কমিশন কর্মকর্তা কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির মাধ্যমে ১ কোটি ৯২ লাখ ৬৬ হাজার ৫৬৬ টাকা বিদেশে পাচার করেছেন আবু বক্কর।
মামলায় বলা হয়, ২০০৮ সালে সিএসএস কর্পোরেশন ফিলিপিন্সের রপ্তানিকারক প্রতিষ্ঠান মন্ট্রিল মেটাল ট্রেডিং কর্পোরেশনের কাছ থেকে ৫৩০ মেট্রিক টন গ্যালভানাইজিং আয়রন শিট আমদানির একটি এলসি খোলে। কিন্তু ঘোষিত পণ্যের পরিবর্তে আনা হয় কনক্রিট, বালু, মাটি ও রাবিশ।
কাস্টমসের কায়িক পরীক্ষায় আমদানি করা পণ্যের কন্টেইনার খুলে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়টি ধরা পড়ে।
কাস্টমস কর্তৃপক্ষ তদন্ত শেষে বিষয়টি দুর্নীতি দমন কমিশনে জানালে কমিশনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয় বলে জানান হুমায়ুন কবির।
তিনি বলেন, তদন্তে ঘটনার প্রমাণ পাওয়ায় মামলা দায়েরের জন্য দুদক চেয়ারম্যানের কাছে অনুমতি চাওয়া হলে গত সপ্তাহে তা পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএম/১৭০৬ ঘ.
bdnews24