ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই পুঁজিবাজারে দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভের পর জরুরি বৈঠক করে বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরামর্শ নিয়েছে এসইসি।
সোমবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মতিঝিলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কার্যালয়ে এ বৈঠকে অংশ নেন ডিএসই, সিএসই ও সিডিবিএল প্রতিনিধিরা।
এসইসি সদস্য হেলালউদ্দিন নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজার পরিস্থিতি নিয়ে আলোচনায় জন্যই সবাইকে ডাকা হয়েছে।"
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সোমবার দরপতনের পর বিক্ষোভ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। অব্যাহত দরপতনের কারণে মঙ্গলবার লেনদেন বয়কটের ঘোষণা দিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ডিএসইর সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচিও দেয় তারা।
বৈঠক থেকে বেরিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, "বাজার পরিস্থিতির উত্তরণে এসইসি আমাদের পরামর্শ চেয়েছে। আমরা কিছু পরামর্শ দিয়েছি।"
বাজারে দরপতনের জন্য প্রধানত তারল্য সঙ্কটকেই দায়ী করেছেন তারা।
ডিএসইর সহসভাপতি আহসানুল ইসলাম জানান, তারল্য সঙ্কট কাটানোর কথা বলা হয়েছে।
নেটিং সুবিধা বাড়ানো, লেনদেন সম্পন্নের সময়সীমা চার দিনের চেয়ে (টি প্লাস থ্রি) তিনদিনে কমিয়ে আনা (টি প্লাস টু) কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া মার্চেন্ট ব্যাংকগুলোর সিঙ্গেল পার্টি এক্সপোজার সমন্বয়ের বিষয়টি প্রতিষ্ঠান ভেদে আলাদাভাবে বিবেচনা করার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি বলেন, "বাজারের ভালোর জন্যেই আমরা আলোচনা করছি। কিভাবে বর্তমান সমস্যা থেকে বেরিয়ে আসা যায় সেটাই সবাই মিলে বের করার চেষ্টা করছি।"
রোববার ৩০টি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের সঙ্গে আলোচনার পরামর্শগুলো বুধবার ডিএসই বোর্ডসভায় তোলা হবে। এরপরই সেটি এসইসিতে আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে বলে জানান ডিএসই সভাপতি।
বৈঠকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সভাপতি ফখরুদ্দীন আলী আহমেদ, সেন্টাল ডিপসোটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদও বৈঠকে অংশ নেন।
মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভা
মঙ্গলবার বাজার পরিস্থিতি নিয়ে এসইসির সঙ্গে বৈঠকে বসবে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
বৈঠক নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, "আমাদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা তারল্য সংকট। এ কারণে আমরা নিজেরা যেমন বিনিয়োগ করতে পারছি না, আমাদের গ্রাহকদেরও ঋণ দিতে পারছি না। এসইসির কাছে আমরা এই সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার জন্যই আবেদন জানাবো।"
মঙ্গলবারের বৈঠকে মার্চেন্ট ব্যাংকগুলোর সিঙ্গেল পার্টি এক্সপোজার সমন্বয়ের সময়সীমা ২০১৪ পর্যন্ত করার দাবি জানানো হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/এএল/২০৩৫ ঘ.
bdnews24