২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ও ভূমি রেকর্ড ব্যবস্থাপনায় এডিবির ঋণ

অনলাইনে আয়কর বিবরণী জমা এবং ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ডিজিটালাইজড করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে (ডিএলআরএস) সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইনে আয়কর বিবরণী জমা এবং ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ডিজিটালাইজড করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে (ডিএলআরএস) সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। রোববার কর আদায় ও ভূমি রেকর্ড ব্যবস্থাপনা উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এশিয়ান ডেভলেপমেন্ট ব্যাংক-এডিবি) সঙ্গে আড়াই কোটি ডলারের ঋণচুক্তিতে সই করেছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর থিবাকুমার কান্দিয়া এ চুক্তিতে সই করেন। এডিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্পের ফলে কর ও ভূমি রেকর্ড প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। এ প্রকল্পের আওতায় কর দাতাদের অনলাইনে আয়কর বিবরণী (প্রত্যক্ষ করের জন্য) জমাদানের সুযোগ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য-প্রযুক্তি ব্যবস্থার নকশা, যন্ত্রাংশ ক্রয় এবং তা বাস্তবায়ন করবে এনবিআর। এজন্য এনবিআর পাবে এক কোটি ৫৯ লাখ ৯০ হাজার ডলার। ডিএলআরএসকে প্রকল্প বাস্তবায়নের জন্য দেওয়া হবে ৯০ লাখ ১০ হাজার ডলার। প্রকল্পের আওতায় ডিএলআরএস পাঁচ জেলার ৪৫টি উপজেলায় ভূমি রেকর্ড ডিজিটালাইজড করতে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সফটওয়্যার কেনার পাশাপাশি ভূমি রেকর্ডের একটি ওয়েবভিত্তিক তথ্যভাণ্ডার গড়ে তুলবে। দুটি প্রকল্পই ২০১৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা। এ ঋণে সরকার ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্পেও আট লাখ ডলার ব্যয়ও রয়েছে। ঋণের জন্য এডিবিকে প্রথম আট বছর এক শতাংশ হারে এবং পরবর্তী সময়ে দেড় শতাংশ হারে সুদ দিতে হবে। ৩২ বছরে ঋণের পুরো অর্থ ফেরত দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২২১০ ঘ.