চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চায়ের নিলাম চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে স্থানান্তর চায় না চট্টগ্রাম চেম্বার ও টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) রোববার বাণিজ্যমন্ত্রী বরাবর পাঠানো একটি ফ্যাক্স বার্তায় তাদের এ অবস্থান জানিয়েছে।
সিসিসিআই সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, ব্রিটিশ আমল থেকে চট্টগ্রামে চায়ের নিলাম হচ্ছে। এ প্রক্রিয়াকে ঘিরে চট্টগ্রামে যে অবকাঠামো গড়ে উঠেছে তা শ্রীমঙ্গলে গড়ে তুলতে কমপক্ষে চার হাজার কোটি টাকা প্রয়োজন হবে।
'চট্টগ্রামবিদ্বেষী' একটি মহল এ খাতকে ধ্বংস করতে দীর্ঘদিন ধরে চা নিলামের কার্যক্রম অন্যত্র নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে- দাবি করা হয় ফ্যাক্স বার্তায়।
এতে বলা হয়, আন্তর্জাতিক এ নিলামকে কেন্দ্র করে চট্টগ্রামে নিলাম হাউজ, প্রশিক্ষণ কেন্দ্র, গোডাউনসহ বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে উঠেছে। পাশাপাশি একে কেন্দ্র করে বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ডও পরিচালিত হয়।
নিলাম শ্রীমঙ্গলে স্থানান্তর প্রক্রিয়া বাতিলে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছে সিসিসিআই।
টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাস খানেক আগে চা বোর্ডের পক্ষ থেকে নিলাম শ্রীমঙ্গলে সরিয়ে নেওয়ার বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।
"এসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে অসম্মতির কথা লিখিতভাবে চা বোর্ডকে জানানো হয়েছে। কারণ ৯৫ শতাংশ ক্রেতাই তা চান না।"
এসোসিয়েশনের সচিব আহমুদুল হক চৌধুরী জানান, প্রতি মঙ্গলবার চট্টগ্রামে সাপ্তাহিক নিলামে ১৬৩টি বাগানের উৎপাদিত চা বিক্রি হয়। বছরে প্রায় এক লাখ ৬০ হাজার টন চা নিলাম হয়। ছয়টি ব্রোকারেজ হাউজ নিলামের আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/পিডি/২১৫১ ঘ.
bdnews24