চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ'র দাবির মুখে দ্বিতীয় দফায় পেছাল চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনাল ও ব্যবস্থাপনা।
রোববার থেকে চট্টগ্রাম বন্দরে 'কনটেইনার টার্মিনাল অ্যান্ড ম্যানেজমেন্ট পদ্ধতি' (সিটিএমএস) পরীক্ষামূলক চালুর কথা থাকলেও তা একমাস পিছিয়ে আগামী ১০ অক্টোবর পুর্ননির্ধারণ করা হয়েছে।
শনিবার বিকালে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।
সিটিএমএস প্রক্রিয়ায় কন্টেইনারের অবস্থান সহজেই অনলাইনে জানা যাবে। এই ব্যবস্থায় বন্দরের দক্ষতা এবং কন্টেইনার রাখার জায়গা ৫০ শতাংশ পর্যন্ত বাড়বে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
চট্টগ্রাম বন্দরে সিটিএমএস প্রকল্পের পরিচালক প্রকৌশলী খায়রুল মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১০ অক্টোবর সিসিটি ও এনসিটি জেটিতে এবং ১২ অক্টোবর জেসিবি জেটিতে এটি পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত ১৯ অগাস্ট এ পদ্ধতি পরীক্ষামূলক চালু করার কথা ছিল। সে সময়ও বিজিএমইএ নেতাদের অনুরোধের প্রেক্ষিতে তা পিছিয়ে ১১ ও ১৪ সেপ্টেম্বর করা হয়।
বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, বন্দর চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলাম, বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি ছাড়াও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
প্রকৌশলি খায়রুল মোস্তফা বলেন, রোববারের পরিবর্তে আগামী ১০ অক্টোবর থেকে এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত হয়েছে। পোশাক মালিকদের দাবির প্রেক্ষিতে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
"দেশের বৃহত্তম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প হওয়ায় তাদের সুবিধার দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তিনি জানান, দেশের ভেতরে সামগ্রিক অবকাঠামোর বিষয়টি বিবেচনায় এনে পোশাক মালিক সংগঠনের নেতারা তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বর্তমানে চালু কাট-অফ টাইম (পণ্য জাহাজীকরণের সময়সীমা) শিথিলকরণের প্রক্রিয়া বাতিলের পক্ষে নন।
বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সিটিএমএস চালুর বিপক্ষে নই। এতে করে বন্দরের কার্যক্রমের গতিশীলতা আগের চেয়ে অনেক বাড়বে।"
বিশ্বের উন্নত দেশগুলোতে অবকাঠামোগত সুবিধা থাকায় সিটিএমএস প্রক্রিয়ার সুফল রয়েছে- উল্লেখ করে তিনি বলেন, "বর্তমানে অবকাঠামোগত সমস্যা, গ্যাস-বিদ্যুৎ সংকট, রেল যোগাযোগ ও সড়ক পথের দুরবস্থা, বেসরকারি কনটেইনার ডিপোগুলোর সক্ষমতার অভাব, শুল্ক কর্মকর্তাদের সংকট ইত্যাদি বিবেচনায় এনে কাট অফ টাইম শিথিল করা হয়েছিল।"
নাসির উদ্দিন বলেন, কিন্তু সিটিএমএস পদ্ধতি চালু করতে গেলে কাট অফ টাইমের শিথিলতা বাতিল করতে হবে। অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এ প্রক্রিয়া (সিটিএমএস) চালু করা হলে পোশাক শিল্প খাত হুমকির মুখে পড়বে।
সিটিএমএস প্রক্রিয়ার অংশ হিসেবে জেটিতে জাহাজ ভেড়ার ২৪ ঘণ্টা আগে পণ্যভর্তি কনটেইনার বন্দরে জমা দিতে হবে। কিন্তু বর্তমানে কাট-অফ টাইমের সুবিধায় তৈরি পোশাক মালিকরা বন্দরে জাহাজ ভেড়ার ২৪ ঘণ্টা পরে কন্টেইনার জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩১৭ ঘ.
bdnews24