২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই'র প্রধান নির্বাহীর পদত্যাগ

সাড়ে সাত মাসে সর্বনিম্ন লেনদেনের দিন ঢাকার পুঁজিবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদত্যাগ দেখলো বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে সাত মাসে সর্বনিম্ন লেনদেনের দিন ঢাকার পুঁজিবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদত্যাগ দেখলো বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিইও সতীপতি মৈত্র বৃহস্পতিবার পদত্যাগ করেছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডিএসই'র জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, "এদিন সকালে ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগপত্র দেন সতীপতি। সন্ধ্যায় ডিএসই'র পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র গৃহীত হয়।" গত সাড়ে সাত মাসের মধ্যে বৃহস্পতিবার সর্বনিু লেনদেন হয় ঢাকার পুঁজিবাজারে। এদিন লেনদেন হয় ২৪১ কোটি টাকা। সূচক সামান্য পড়ার পাশাপাশি কমে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গত ২৫ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০৬ কোটি টাকার লেনদেন হয়েছিলো। সে সময় বাজার ছিলো দুই ঘণ্টার। এদিকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনালের মো. জহুরুল আলম ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা। তিনি গতবছরের অগাস্টে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে ডিএসইতে যোগ দেন। ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১০ সালের অগাস্ট পর্যন্ত তিনি ডিএসই'র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের ৩১ ডিসেম্বর অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান দায়িত্ব ছাড়ার পর প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা সিএফও শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ সময় সিইও নিয়োগে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। শেষ পর্যন্ত বাইরে থেকে কাউকে নিয়োগ না দিয়ে ২০০৯ সালের ১ মার্চ শরিফুল ইসলামকে পূর্ণাঙ্গ সিইও হিসেবে নিয়োগ করা হয়। এর পাঁচ মাসের মধ্যে তিনি পদত্যাগ করেন। এরপর থেকে ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সতীপতি মৈত্রকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ পদের জন্য যোগ্য কাউকে না পাওয়ায় ২০০৯ সালের ২৮ ডিসেম্বর তাকেই স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২২০৯ ঘ.