ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিনি ও ভোজ্য তেলের দাম এক সপ্তাহের মধ্যে পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব গোলাম হোসেন।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিনি ও ভোজ্যতেল পরিশোধনকারী ও মিল মালিকদের সঙ্গে এক বৈঠকের পর সচিব সাংবাদিকদের বলেন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান মিল মালিকদের প্রতিনিধির সঙ্গে বসে দাম পুনর্নির্ধারণ করবেন।
এ দুটি পণ্যের দাম বাড়ছে কি না- এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, "সেটা আলোচনা করেই ঠিক করা হবে।"
রোজা শুরুর দেড় সপ্তাহ আগে শেষবারের মতো তেল ও চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় সরকার। এক লিটারের প্রতি বোতল ভোজ্য তেলের সর্বোচ্চ খুচরা দাম ১০৯ টাকা এবং প্রতি কেজি চিনির দাম সর্বোচ্চ ৬৫ টাকায় বেঁধে দেওয়া হয়।
অবশ্য খুচরা পণ্যের বাজারে নিত্য প্রয়োজনীয় এ দুটি পণ্যই বিক্রি হয়েছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে। রোজায় চিনি বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে।
বেশি দামে চিনি বিক্রি হওয়ার বিষয়টি স্বীকার করে গোলাম হোসেন বলেন, "সরকারনির্ধারিত দামেই ভোজ্যতেল বাজারে বিক্রি হয়েছে। কিন্তু চিনির ক্ষেত্রে কোথাও কোথাও তা মানা হয়নি।"
তিনি যুক্তি দেখান, "রাস্তাঘাটের অবস্থা খারাপ থাকায় ঢাকার বাইরে কিছু কিছু জায়গায় সরবরাহে বিঘœ ঘটেছে। ট্রাক ভাড়াও বেড়েছে। ঢাকার ছোট দোকানদাররা নির্ধারিত দামে চিনি বিক্রি করেননি। তবে বড় দোকানগুলোতে সরকার নির্ধারিত দামেই বিক্রি হয়েছে।"
রোজার আগে বাজারে চিনি সংকট এবং মূল্য বৃদ্ধির ঘটনায় কারসাজির অভিযোগ এনে আমদানি ও পরিশোধনকারী বৃহৎ চার প্রতিষ্ঠানকে দায়ী করে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
গত ২৩ অগাস্ট জাতীয় সংসদে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, "দেশবন্ধু, সিটি গ্র"প, মেঘনা গ্র"প ও এস আলম গ্র"প- এ চার বেসরকারি প্রতিষ্ঠান চিনি সংকট ও চিনির মূল্য বৃদ্ধির কারসাজিতে জড়িত।"
চিনি ও ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে গত ২৩ মার্চ সরকার অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১ জারি করে সরকার। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা ডিও পদ্ধতি বাতিল হয়ে চালু হয় পরিবেশক পদ্ধতি।
গত ৪ অগাস্ট চিনি ও ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের জানান, পরিবেশক ছাড়া অন্য কারো কাছে মিল মালিকরা এ দুটি পণ্য বিক্রি করতে পারবেন না।
বাজার স্থিতিশীল রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে বাজারে 'এখনও কিছু ডিও রয়েছে' উল্লেখ করে বাণিজ্য সচিব সাংবাদিকদের বলেন, "কীভাবে এগুলোর সমাধান করা যায় তা নিয়েও আগামী সপ্তাহে একটি বৈঠক হবে।"
বর্তমানে দেশে চিনি ও ভোজ্যতেলের 'পর্যাপ্ত' মজুদ রয়েছে বলেও দাবি করেন সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৯০৭ ঘ.
bdnews24