চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদে সিএসই কার্যালয়ের সামনের সড়কে চট্টগ্রামের বিনিয়োগকারীদের সংগঠন 'ইনভেস্টরস ফোরাম অব চিটিাগাং' এ কর্মসূচি পালন করে।
এছাড়া সিএসই'তে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের (আইএমএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শনে এলে তাদেরও বিরোধিতা করেন বিনিয়োগকারীরা।
পুঁজিবাজারে অব্যাহত দরপতনের জন্য সরকারের উদাসীনতা, বাংলাদেশ ব্যাংকের পুঁজিবাজারবিমুখ নিয়মনীতি, মার্চেন্ট ব্যাংকগুলোর নিষ্ক্রিয়তা এবং এসইসি'র ব্যর্থতাকে দায়ী করেন বিনিয়োগকারীরা।
পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহবায়ক সরোজ চৌধুরী, এম এ কাদের, সদস্য সচিব রানা বিশ্বাস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭৩২ ঘ.
bdnews24