ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গেল মাসে প্রবাসী বাংলাদেশিরা ১০৭ কোটি ৮১ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের অগাস্টের তুলনায় ১১ দশমিক ৮৪ শতাংশ বেশি।
গত বছরের অগাস্টে দেশে রেমিটেন্স এসেছিলো ৯৬ কোটি ৩৯ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একক মাস হিসেবে অগাস্টে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ। চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স এসেছিলো ১০১ কোটি ৫৬ লাখ ডলার।
এর আগে মার্চে ১১০ কোটি ৩০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঈদের কারণে বেশি টাকা পাঠানোর কারণে অগাস্টে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে।
গত অর্থবছরে সবমিলিয়ে এক হাজার ১৬৫ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রবৃদ্ধির পরিমাণ ছিলো ৬ দশমিক ০৩ শতাংশ।
এদিকে, রেমিটেন্স প্রবাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। মাস খানেক আগে রিজার্ভ এক হাজার কোটি ডলারে নেমে এসেছিলো। মঙ্গলবার তা এক হাজার ১০০ কোটি ডলারের উপরে অবস্থান করছে।
গত অর্থবছরে ১২ মাসের মধ্যে তিন মাস রেমিটেন্স ১০০ কোটি ডলারের বেশি এসেছিলো। মার্চ মাসে এসেছিলো ১১০ কোটি ৩০ লাখ ডলার। এপ্রিলে ১০০ কোটি ২০ লাখ ডলার। আর অর্থবছরের শেষ মাস জুনে এসেছিলো ১০৩ কোটি ৮৯ লাখ ডলার।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই ১০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২০৪৫ ঘ.
bdnews24