২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুটকি-কাঁকড়া-কুঁচে রপ্তানি করে আয় ৬০ কোটি টাকা

বাংলাদেশ গত অর্থবছরে ৪ হাজার ৮০৮ দশমিক ৪২৫ মেট্রিক টন শুটকি, কাঁকড়া ও কুঁচে রপ্তানি করেছে। এ থেকে আয় হয়েছে ৫৯ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 07:46 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ গত অর্থবছরে ৪ হাজার ৮০৮ দশমিক ৪২৫ মেট্রিক টন শুটকি, কাঁকড়া ও কুঁচে রপ্তানি করেছে। এ থেকে আয় হয়েছে ৫৯ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। মৎস্য অধিদপ্তরের তৈরি করা ২০১০-১১ অর্থবছরে মৎস্যসম্পদ রপ্তানির হিসাবে এ তথ্য পাওয়া গেছে। ২০১০ সালের জুলাই থেকে ২০১১ জুন মাস পর্যন্ত এ হিসাব করা হয়েছে। জেলা পর্যায়ের মৎস্য কর্মকর্তার কার্যালয়ে লোকবল স্বল্পতা দূর করে মাঠ পর্যায়ে পরিদর্শন বাড়ানো এবং মৎস্য আইনের যথাযথ প্রয়োগ করা গেলে এসব খাতে মৎস্যসম্পদ রপ্তানি আরো বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ সময়ে ৩২৩ দশমিক ২৮ মেট্রিক টন শুটকি, ১ হাজার ১৮৯ দশমিক ৩২ মেট্রিক টন কাঁকড়া এবং ৩ হাজার ২৯৫ দশমিক ৮২৫ মেট্রিক টন কুঁচে রপ্তানি হয়। শুটকি রপ্তানি করে ৫ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা, কাঁকড়া রপ্তানি করে ২১ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৭০০ টাকা এবং কুঁচে রপ্তানি করে ৩২ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা আয় হয়। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কক্সবাজার, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও কুমিল্লা এলাকায় এসব বেশি উৎপাদন হয়। আর রপ্তানি হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোতে। সংশ্লিষ্ট মৎস্যজীবীদের অভিযোগ, সরকারিভাবে মৎস্য বিভাগের পৃষ্ঠপোষকতা না থাকায় সামুদ্রিক মাছ ধরার পর প্রক্রিয়াজাতকরণে সমস্যায় পড়তে হয় রপ্তানিকারকদের। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়েও রয়েছে লোক স্বল্পতা। কক্সবাজারের শুটকি ব্যবসায়ী মোস্তাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার দেশের দ্বিতীয় বৃহত্তম শুটকি উৎপাদন ও বিপণন কেন্দ্র হলেও এখানে প্রক্রিয়াজাত করার কোনো আধুনিক ব্যবস্থা নেই। সনাতন পদ্ধতিতেই তাদের শুটকি প্রক্রিয়াজাত ও বিক্রি করতে হচ্ছে। রপ্তানি করা পণ্যের মান নিয়ে বিদেশিদের উদ্বেগ থাকায় শুটকি রপ্তানি কমে যাওয়ার শঙ্কাও রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তবে এক্ষেত্রে জনবলসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি মৎস্য আইন না মেনে চলার প্রবণতার বিষয়টিও তুলে ধরলেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নির্মল রায়। শুটকি ও কাঁকড়া উৎপাদন ও রপ্তানিকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এদিকে আরো বেশি করে নজর দেওয়া উচিৎ। এতে দেশের বৈদেশিক মুদ্রার আয় বাড়ানো সম্ভব হবে। এক্ষেত্রে মাছচাষীদেরও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণে আগ্রহী করে তুলতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/এমআই/১৩৪০ ঘ.