ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ৬১টি পণ্যকে ভারত তার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।
ভারত ও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
দুদিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকা আসার কথা মনমোহন সিংয়ের। সেই সময় দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে একটি আনুষ্ঠানিক চুক্তি হবে বলেও কর্মকর্তারা বিবিসিকে বলেছেন।
৬১টি পণ্যের মধ্যে ৪৭টি তৈরি পোশাক খাতের। বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে চারশ ৮০ ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক দিতে হয়। এর মধ্যে একশ ৫৪টি তৈরি পোশাক সংশ্লিষ্ট।
মনমোহনের সফরে স্বাক্ষর হতে পারে এমন আট থেকে ১০টি প্রটোকল, সমঝোতা স্মারক ও কার্যবিধি চূড়ান্ত করা হচ্ছে বলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেননের সঙ্গে আলোচনার পর এ কথা বলেন রিজভী।
শুল্কমুক্ত পোশাক রপ্তানির সুবিধা পেতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সম্মত করতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি মঙ্গলবার অনানুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
ভারতে মধ্যবিত্ত শ্রেণীর জনসংখ্যা প্রায় ৪৫ কোটি। দেশটিতে প্রায় তিন হাজার কোটি ডলারের পোশাকের বাজার রয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ ভারতের চাহিদার ১০ শতাংশ মেটাতে পারলে এর পরিমাণ দাঁড়াবে তিনশ কোটি ডলার। এতে দুদেশের বাণিজ্য ঘাটতি কমবে।"
২০০৯-১০ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দুশ ৯০ কোটি ডলার। ওই সময়ে বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ ৩০ কোটি ডলার। একই সময়ে আমদানির পরিমাণ তিনশ ২০ কোটি ডলার।
বিবিসি বলছে, 'শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পেতে যাওয়া পণ্যের তালিকায় প্যান্ট, শার্ট, স্কার্ট, ব্লাউজ রয়েছে। এছাড়া রয়েছে, বড়দের ও বাচ্চাদের পোশাকের যাবতীয় আইটেম৻ আর এর অধিকাংশই হলো তৈরি পোশাক।'
মহিউদ্দিন জানান, চলতি বছর থেকে প্রতি বছর এক কোটি পিস তৈরি পোশাকের শুল্কমুক্ত রপ্তানির অনুমতি রয়েছে ভারতের পক্ষ থেকে।
এ কারণে এ বছরের প্রথম তিন মাসে রপ্তানি বেড়ে যায়।
এর আগে ৮০ লাখ পিস পোশক শুল্কমুক্ত সুবিধা পেয়েছিলো।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত জানুয়ারি থেকে মার্চে রপ্তানি আগের তুলনায় প্রায় একশ ভাগ বেড়ে যায়। ওই সময় রপ্তানির পরিমাণ ছিলো এক হাজার ৭৭ কোটি টাকার পণ্য রপ্তানি করেন। আগের অর্থবছরে একই সময়ে রপ্তানির পরিমাণ ছিলো পাঁচশ ৪৮ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএইচ/এসএইচ/বিডি/পিডি/০১৩০ ঘ.
bdnews24