২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে লম্বা লাইন, কলমানি চড়া

বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পরও সপ্তাহের শেষদিন আন্তঃব্যাংক লেনেদেন বা কলমানির সুদের হার ২০ শতাংশ পর্যন্ত ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পরও আন্তঃব্যাংক লেনেদেন বা কলমানির সুদের হার ২০ শতাংশ পর্যন্ত ওঠে বৃহস্পতিবার। ঈদের কেনাকাটা সারতে সপ্তাহের শেষ দিন অনেকেই টাকা তুলতে ভিড় জমিয়েছিলেন ব্যাংকগুলোতে। রাজধানীর প্রায় সব ব্যাংকের শাখাগুলোতেই দেখা যায় দীর্ঘ লাইন। গ্রাহকদের নগদ অর্থের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়েছে ব্যাংক কর্মকর্তাদের। ব্যাংকগুলোর এটিএম বুথেও কমবেশি ভিড় দেখা যায় সারাদিন। নতুন টাকার জন্য মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়েও দেখা যায় দীর্ঘ লাইন। ঈদ সামনে রেখে ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়ে যায় বলে তারল্য সংকটে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা ধার নেয়। এই ঋণের সুদের যে হার ধরা হয়, তাকেই বলা হয় কলমানি রেট। এবার ঈদের বেশ কয়েকদিন আগে থেকেই সরকারি ছুটি পড়ে যাওয়ায় বৃহস্পতিবার ব্যাংকে চাপ বেড়ে যায়। ফলে কলমানির সুদ হারও চড়তে থাকে। অবশ্য পরিস্থিতি সামলে রাখতে সপ্তাহ খানেক আগেই কড়া নজরদারি শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংক আমাদের মৌখিকভাবে জানিয়েছিল, কলমানি রেট যাতে ১২ শতাংশের বেশি না ওঠে। আমরা সে বিষয়টি বিবেচনায় রেখেই লেনদেন করেছি। বেশিরভাগ লেনদেন এই সীমার মধ্যেই হয়েছে। তবে দু'একটি লেনদেন বেশি হয়ে থাকতে পারে।" বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ছাড়া চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কলমানি রেট ১২ শতাংশের মধ্যেই ছিল। আগের সপ্তাহগুলোতে এই হার ছিল ১০ শতাংশের নিচে। বৃহস্পতিবার এই হার ২০ শতাংশ পর্যন্ত ওঠে বলে একটি বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। দুপুরে এইচএসবিসি ব্যাংকের ধানমন্ডি শাখায় লাইনে দাঁড়ানো সামছুল আমিন বলেন, "এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। আরও কতোক্ষণ থাকতে হবে সেটাই ভাবছি।" বাইরে এটিএম বুথেও দেখা যায় ছিল দীর্ঘ লাইন। নতুন টাকার জন্য ভিড় কয়েকদিন আগে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পাঁচ ধরনের নতুন নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এবারের ঈদে সালামি দেওয়ার জন্য সেই নতুন নোটের জন্য বাংলাদেশ ব্যাংকে ভিড় জমাচ্ছে মানুষ। বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট চারটি কাউন্টার থেকে নতুন টাকা ছাড়া হচ্ছে। প্রতিদিন দেওয়া হচ্ছে এক কোটি টাকার নতুন নোট। এছাড়া অন্যান্য ব্যাংকের মাধ্যমেও প্রয়োজনীয় টাকা ছাড়া করা হচ্ছে। তবে একজনকে চার হাজার টাকার বেশি দেওয়া হচ্ছে না বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২২৪০ ঘ.