ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে শেষ দিনে চাঙাভাবে লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। সূচক বেড়েছে, বেড়েছে লেনদেনও।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬২১১ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৮০ পয়েন্ট বেশি। আগের দিন সূচকে ৮৫ পয়েন্ট যোগ হয়েছিলো ডিএসইতে।
সারাদিনে ৫৪৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে লেনদেনের পরিমাণ ছিলো ৫৪৪ কোটি টাকা।
লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৪টির, ৬টির দাম অপরিবর্তিত ছিলো।
সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানে লেনদেন চলে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
শব-ই কদর ও ঈদ-উল ফিতর মিলিয়ে ২৬ অগাস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। ৪ সেপ্টেম্বর পুনরায় সচল হবে পুঁজিবাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪৫০ ঘ.
bdnews24