দিহান মারছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ আবার ১১ বিলিয়ন (১১ শ' কোটি) ডলার ছাড়িয়েছে।
ঈদ সামনে রেখে প্রবাসী আয়ের (রেমিটেন্স) প্রবাহ বৃদ্ধি এবং আমদানি ব্যয় কমে আসায় বিষয়টি রিজার্ভ বাড়তে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
মঙ্গলবার রিজার্ভের পরিমাণ ছিল ১০ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। বুধবার তা বেড়ে ১১ দশমিক ০৪ বিলিয়ন ডলার হয়। এই রিজার্ভ দিয়ে প্রায় চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।
গভর্নর বলেন, রিজার্ভ বাড়ায় যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে টাকার অবস্থানও শক্তিশালী হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় হারের গতিবিধি পর্যালোচনা করলে দেখা যায়, এর আগে চার বার রিজার্ভ ১১ বিলিয়ন ডলার আতিক্রম করেছিল।
বাংলাদেশের ইতিহাসে প্রথম রিজার্ভ ওই অংক অতিক্রম করে গত বছরের অক্টোবরে। ওই বছরের ডিসেম্বরের শেষ দিন রিজার্ভের পরিমাণ ছিল ১১ দশমিক ১৭ বিলিয়ন ডলার। চলতি বছরের ফেব্র"য়ারি শেষে রিজার্ভ সামান্য কমে হয় ১১ দশমিক ১৬ বিলিয়ন ডলার। মার্চ মাস শেষে রিজার্ভ আবার বেড়ে রেকর্ড ১১ দশমিক ৩২ বিলিয়ন ডলারে পৌঁছায়।
এরপর আমদানি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় রিজার্ভ কমতে থাকে। জুলাই মাসের শেষে তা ১০ বিলিয়ন ডলারে ঠেকে। তবে রোজার শুরু থেকে রেমিটেন্স বাড়ায় রিজার্ভ বাড়তে বাড়তে বুধবার ১১ দশমিক ০৪ বিলিয়নে পৌঁছায়।
আগামীতে রিজার্ভ আরও বাড়বে বলে আশা করছেন আতিউর রহমান।
গভর্নর বলেন, "জুন মাস থেকেই আমদানি ব্যয় কমছে। অন্যদিকে রেমিটেন্স প্রবাহ আর রপ্তানি আয় বাড়ছে। এ কারণে রিজার্ভও বাড়ছে। সঙ্গে সঙ্গে ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে।"
আগামী কিছুদিনের মধ্যে দেশে কয়েকটি বড় বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসতে পারে জানিয়ে আতিউর রহমান বলেন, "কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত। এসব এফডিআই আসলে রিজার্ভ আরও বাড়বে।"
এদিকে চলতি মাসের শুরু থেকেই ডলারের বিপরীতে টাকা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৯ আগস্ট প্রতি ডলার ৭৪ টাকা ৯০ পয়সা থেকে ৭৪ টাকা ৯৫ পয়সায় লেনদেন হয়েছিল। বুধবার লেনদেন হয়েছে ৭৩ টাকা ৯০ পয়সা থেকে ৭৪ টাকা ১২ পয়সায়।
গত ২০১০-১১ অর্থবছরে রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে এই হার ছিল ১৩ দশমিক ৪০ শতাংশ। আর ২০০৮-০৯ অর্থবছরে প্রবৃদ্ধির পরিমাণ ছিল ২২ দশমিক ৪২ শতাংশ।
তবে চলতি অর্থবছরের শুরুতে রেমিটেন্স প্রবাহে আবার ঊর্ধ্বমুখি ধারা লক্ষ্য করা যাচ্ছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১০৩ কোটি ডলার রেমিটেন্স দেশে এসেছে, যা আগের বছরের জুলাই মাসের চেয়ে ২০ শতাংশ বেশি। আর চলতি অগাস্ট মাসের প্রথম ১২ দিনেই (১২ আগস্ট পর্যন্ত) ৪৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
এছাড়া অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৯ শতাংশ। গত ২০১০-১১ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৪১ দশমিক ৪৭ শতাংশ।
তবে জুলাই মাসে পণ্য আমদানির এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ কমেছে। ২০১০-১১ অর্থবছরে এলসি খোলার পরিমাণ ৪৩ দশমিক ২৬ শতাংশ বেড়েছিল। অর্থবছরের শেষ দুই মাস মে ও জুনে এই হার ৩৯ দশমিক ৬০ এবং ৩৪ দশমিক ৬০ শতাংশ বেড়েছিল। অবশ্য জুলাই মাসে তা ৭ দশমিক ৭ শতাংশ কমে যায়।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বিদেশি মুদ্রা মজুদ থাকতে হয়। সেই হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দিয়ে অন্তত চার মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০২২৯ ঘ.
bdnews24