ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার ধসের সময় দুই কোম্পানির শেয়ার কেনা-বেচায় কারসাজির অভিযোগে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি।
নিয়ম-বহির্ভূতভাবে শেয়ার কেনা-বেচার অভিযোগে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দুটি করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইন বিষয়ক পরিচালক মো. মাহবুবের রহমান চৌধুরী।
বাদির আইনজীবী তরিকুল ইসলাম ও রেজাউল করিম রেজা জানান, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিং সার্ভিসেস লিমিটেডের শেয়ার কেনাবেচায় কারসাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় আসামি করা হয়েছে সৈয়দ সিরাজ উদ্দৌলা, রাশেদা আক্তার মায়া ও মুহাম্মদ হাবিবুর রহমান মোড়ল নামের তিনজনকে।
এছাড়া ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার কেনাবেচায় কারসাজির অভিযোগে দায়ের মামলার আসামি হলেন আবু সাদাত মো. সায়েম ও আব্দুল মোবিন মোল্লা নামের দুইজন।
বাদির জবানবন্দি নিয়ে ঢাকার মহানগর হাকিম এ জি এম আল মাসুদ আসামিদের আগামী ১৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
গত ডিসেম্বর-জানুয়ারিতে ঢাকার পুঁজিবাজারে রেকর্ড ধস তদন্তে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে একটি কমিটি করে সরকার। গত ৩১ মার্চ সরকারকে দেওয়া কমিটির প্রতিবেদনে এ আসামিদের শেয়ারের মূল্য বৃদ্ধি ঘটিয়ে বিধি-বহির্ভূত কেনা-বেচার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে মামলায় উল্লেখ করা হয়।
দুই মামলাতেই ইব্রাহিম খালেদ, সদস্য ড. তৌফিক আহমেদ চৌধুরী, নিহাদ কবিরসহ ১১ জনকে বাদি পক্ষে সাক্ষী করা হয়েছে।
মামলার অভিযোগ
মামলায় অভিযোগ করা হয়, সৈয়দ সিরাজ, রাশেদা আক্তার ও হাবিবুর রহমান এফপিআই সিকিউরিটিজ ব্রোকারেজ হাউজের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পিপলস লিজিং এ্যন্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার কেনা-বেচায় নিজেরা বড় ধরনের লেনদেন (বাল্ক ট্রানজেকশন) করে অতি সহজে পুঁজিবাজারে কৃত্রিম সক্রিয় লেনদেন পরিস্থিতি সৃষ্টি করেন। ফলে ক্রমান্বয়ে শেয়ারের দাম বাড়তে থাকে।
'সাধারণ বিনিয়োগকারীরাও এই শেয়ারের দাম বৃদ্ধি দেখে প্রলুব্ধ হয় এবং অভিযুক্তরা তাদের শেয়ার উচ্চমূল্যে বিক্রি করে বেআইনিভাবে লাভবান হয়।'
আরেক মামলায় অভিযোগ, বাজারে ইষ্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের সম্পূর্ণ লেনদেনের প্রায় ২৫ শতাংশ নিজেদের এবং যৌথ অ্যাকাউন্টসহ মোট আটটি অ্যাকাউন্টে প্রতিদিন একাধিক লেনদেনের মাধ্যমে সম্পন্ন করেন সায়েম ও মোবিন। এর মাধ্যমে ওই কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়িয়ে তারা অবৈধ মুনাফা অর্জন করেন।
'আসামিরা ইষ্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার সিরিয়াল ট্রেডিং করে পুঁজিবাজারে কৃত্রিম সক্রিয় লেনদেন পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের ওই কোম্পানির শেয়ার কেনায় প্রলুব্ধ করেন এবং স্বল্প সময়ে শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ভূমিকা রাখেন।'
আসামিরা সিকিউরিটিজ এক্সচেঞ্জ অর্ডিনেন্সের ১৭(ই) (ভি) ধারা ভঙ্গ করে শেয়ার কেনা-বেচা করে বলে মামলায় অভিযোগ করা হয়।
'মামলা হয়েছে কি না জানা নেই'
এদিকে মামলা হওয়া না হওয়া নিয়ে এসইসির কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
কমিশনের আইনি বিষয়গুলো দেখেন সদস্য মো. এ সালাম সিকদার। তিনি সাংবাদিকদের বলেন, "মামলার কিছু নথিতে সাক্ষর করলেও এ বিষয়ে আর কিছু জানা নেই। মামলা হয়েছে কী হয়নি তা জানা নেই।"
কমিশন মুখপাত্র মো. সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, "তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী কয়েকজনের বিরুদ্ধে একটি মামলার আবেদন আদালতে জমা দেওয়া ছিল। সেটি মামলা হিসাবে অর্ন্তুভুক্ত হলেও হতে পারে।"
"কিন্তু মামলাটি কমিশন করেছে কি না, কখন করেছে, সে সম্পর্কে কিছু জানা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসআইটি/জেকে/পিডি/১৯০৩ ঘ.
bdnews24