নয়া দিল্লি, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত দক্ষিণ এশীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের নকশা প্রণয়নে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে ভারত।
আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বিদ্যুৎ খাতে দুদেশের মধ্যকার সম্পর্ক জোরদার হবে বলেও ধারণা করা হচ্ছে।
ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লি ও ঢাকা আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য বিষয়ক খসড়া প্রস্তুত করছে।
ভারতের দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী কে সি ভেনুগোপাল বলেছেন, প্রস্তাবিত দক্ষিণ এশীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন সংক্রান্ত দুটি খসড়া প্রণয়ন করছে ভারত।
তিনি বলেন, প্রথম খসড়ায় আন্তঃসীমান্ত যোগাযোগ এবং যৌথ সমীক্ষা, অর্থায়ন, মালিকানা ও নিরাপত্তাসহ বিভিন্ন দেশের মধ্য দিয়ে সঞ্চালন লাইনের অবকাঠামো নির্মাণের কৌশল নির্ধারণ এবং তার বাস্তবায়নের বিষয়গুলো থাকছে।
নয়া দিল্লির প্রস্তুত করা দ্বিতীয় খসড়ায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দীর্ঘ ও স্বল্প মেয়াদে বিদ্যুৎ বিনিময় ও বাণিজ্য বিষয়ক নীতিমালা, সমন্বিত শিডিউল এবং নিরাপদ ও নির্বিঘেœ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিদ্যুৎ বিনিময় ও বাণিজ্যের ক্ষেত্রে সার্কের নিয়মাবলী এবং অবকাঠামো ও কার্যাবলীর ওপর গুরুত্ব দিয়ে খসড়া প্রণয়ন করছে বাংলাদেশ। দক্ষিণ এশীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিষয়টি সরকারি সংস্থা, কর্পোরেট হাউজ ও বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলো।
গত ১৮ জানুয়ারি ভারতের রাজস্থান প্রদেশের উদয়পুরে বিদ্যুৎ নিয়ে সার্ক বিশেষজ্ঞ দল দ্বিতীয়বারের মতো বৈঠকে বসে। সেখানে বাংলাদেশ ও ভারতকে এ বিষয়ে ধারণাপত্র প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়।
বর্তমানে ভুটান ও নেপালের সঙ্গে ভারতের বিদ্যুৎ বাণিজ্য আছে উল্লেখ করে ভেনুগোপাল বলেন, "সার্ক বা দক্ষিণ এশীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন তৈরির পর সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ কেনাবেচা সম্ভব হবে।"
লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের বিরামপুর ও বাংলাদেশের ভেড়ামারার মধ্যে উচ্চ ভোল্টেজের বিদ্যুতের একটি সংযোগ লাইন স্থাপনের কাজ চলছে।
ভেনুগোপাল এ বিষয়ে বিস্তারিত না বললেও ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিরামপুর ও ভেড়ামারার মধ্যে ৪০০ কিলোভোল্ট বিদ্যুৎ সঞ্চালনের লাইন স্থাপনের কাজ আগামী বছরের শেষ নাগাদ সমাপ্ত হতে পারে এবং ২০১৩ সালে ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
গত বছর জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মাারক সই হয়। প্রাথমিকভাবে ভারত কেন্দ্রীয় গ্রিড থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দিতে সম্মত হয় এবং দুই দেশ তখন থেকেই আন্তঃগ্রিড সংযোগ স্থাপনে কাজ শুরু করে।
পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল) ও বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) যৌথ কারিগরি দলের মতে দুদেশের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ স্থাপনে ভারতীয় মুদ্রায় ৮৯৬ কোটি ২১ লাখ রূপি প্রয়োজন। এর মধ্যে বাংলাদেশে ৭০৮ কোটি ৮৮ লাখ এবং ভারতে ১৬০ কোটি ৩৩ লাখ রূপি ব্যয় করতে হবে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর জানুয়ারির সমঝোতা স্মারকে ভারত বাংলাদেশকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা বললেও ওই বিদ্যুৎ সংযোগ লাইনের প্রাথমিক সক্ষমতা হবে ৫০০ মেগাওয়াট সরবরাহের এবং পরবর্তীতে তা এক হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে।
এছাড়া ভারতের রাষ্ট্রায়ত্ব ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) বিপিডিবির সঙ্গে যৌথভাবে খুলনায় কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের কাজ করবে। এনটিপিসি গত এপ্রিলে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ করে বিপিডিবির কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
এনটিপিসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অরূপ রায় চৌধুরী গত মাসে সাংবাদিকদের বলেন, খুলনায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের কাজ আগামী ছয় মাসের মধ্যে শুরু হতে পারে।
ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় দুদেশের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা গেছে, নেপাল ও ভুটানকে নিয়ে বিদ্যুৎ খাতে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার ডাক দিতে পারে ঢাকা ও দিল্লি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০০৪৬ ঘ.
bdnews24