২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ-বাংলার বুথ: ভোগান্তি ১৫ ব্যাংকের গ্রাহকের

প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ থাকা ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথগুলো শুক্রবার সন্ধ্যার পরেও চালু হয়নি। এতে করে ভোগান্তিতে পড়েছেন এসব বুথ ব্যবহারকারী আরো ১৪টি ব্যাংকের গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ থাকা ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথগুলো শুক্রবার সন্ধ্যার পরেও চালু হয়নি। এতে করে ভোগান্তিতে পড়েছেন এসব বুথ ব্যবহারকারী আরো ১৪টি ব্যাংকের গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুর থেকে ডাচ-বাংলা ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে লেনদেন বন্ধ রয়েছে। ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা শাহাজাদা বসুনিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় ব্যাংকে কার্যক্রম এখন আউট অব সার্ভিস। তবে শুক্রবার রাতের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি আমরা।" ডাচ-বাংলা ব্যাংকে প্রযুক্তিগত সমস্যার কারণে এ ব্যাংকের এটিএম বুথ ব্যবহারকারী অন্য ১৪টি ব্যাংকের গ্রাহকরাও লেনদেন করতে পারছেন না বলে জানান তিনি। আন্তঃব্যাংক চুক্তির আওতায় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, কমার্স ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকরাও ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন। কিন্তু সপ্তাহের শেষ দিন বহস্পতিবার লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন তারা। বসুনিয়া জানান, ১৯৯৫ সালে চালু হওয়া ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ১৫ লাখ। সারাদেশে এ ব্যাংকের শাখা রয়েছে ১০১টি। এছাড়া ১৬০৮টি এটিএম বুথ ও ৮৪টি ফাস্ট ট্র্যাক সার্ভিস রয়েছে। ব্যাংকটির মিরপুর শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ১টার পর সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় লেনদেন স্থগিত করে দেওয়া হয়। এরপর থেকে কেউ টাকা তুলতে না পারলেও ম্যানুয়ালি (খাতায় তার নাম লিখে রেখে) টাকা জমা নেওয়া হয়েছে। ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক মীর শিবলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এদের বুথে টাকা তুলতে গিয়ে প্রায়ই দেখা যায় আউট অব সার্ভিস। আবার কখনও টাকা থাকে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসআই/জেকে/২০৪১ ঘ.