২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ-বাংলায় দুপুর থেকে লেনদেন বন্ধ

প্রযুক্তিগত সমস্যার কারণে বৃহস্পতিবার দুপুর থেকে ডাচ-বাংলা ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে লেনদেন বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রযুক্তিগত সমস্যার কারণে বৃহস্পতিবার দুপুর থেকে ডাচ-বাংলা ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে লেনদেন বন্ধ রয়েছে। ডাচ-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা শাহাজাদা বসুনিয়া বিকাল ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সার্ভারের হার্ডওয়ারে সমস্যা দেখা দেওয়ায় ব্যাংকটির কার্যক্রম আউট অব সার্ভিসে আছে। খুব শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে।" সপ্তাহের শেষ দিনে লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। বসুনিয়া জানান, ডাচ-বাংলা ব্যাংকের প্রায় ১৫ লাখ গ্রাহক রয়েছেন। সারাদেশে এর শাখা রয়েছে ১০১টি। এছাড়া রয়েছে ১৬০৮টি এটিএম বুথ ও ৮৪ টি ফাস্ট ট্র্যাক সার্ভিস। ব্যাংকটির মিরপুর শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কম্পিউটার নেটওয়ার্কে সমস্যার কারণে সকাল থেকেই লেনদেনে অসুবিধা হচ্ছিলো। দুপুর ১টার পর লেনদেন স্থগিত করে দেওয়া হয়।" "এ সময় কেউ টাকা তুলতে পারেনি। তবে কেউ টাকা জমা দিতে এলে ম্যানুয়ালি (খাতায় তার নাম লিখে রেখে) সেটা জমা নেওয়া হয়েছে।" দুপুর ১টার পর এটিএম বুথে টাকা না পাওয়া ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক মীর শিবলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এদের বুথে টাকা তুলতে গিয়ে প্রায়ই দেখা যায় আউট অব সার্ভিস। আবার কখনও টাকা থাকে না।" ডাচ-বাংলা ব্যাংক যাত্রা শুরু করে ১৯৯৫ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৭৫৩ ঘ.