ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর ফলে এই ফান্ডের আওতায় পুঁজিবাজার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা সংগ্রহ করা যাবে।
এছাড়া পাঁচশ কোটি টাকার 'বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচ্যুয়াল ফান্ড' নামে আরেকটি তহবিলের প্রসপেক্টাস এসইসির অনুমোদন পেয়েছে।
বুধবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান।
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে গত ৬ মার্চ বাংলাদেশ ফান্ড গঠনের ঘোষণা দেয় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ৪ মে চূড়ান্ত অনুমোদনের পরদিন থেকেই বাজারে আসে এই ফান্ড।
১ হাজার টাকা মূল্যমানের এই বন্ডের ১০০ ইউনিটের প্রতি লটের দাম ১ লাখ টাকা। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিখাতের বিনিয়োগকারীরা আইসিবির ওটিসি মার্কেট থেকে এই তহবিলে বিনিয়োগ করতে পারবেন।
ফান্ডটির উদ্যোক্তা হিসাবে আইসিবি, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বিডিবিএল, জীবন বীমা কর্পোরেশন ও সাধারণ বীমা কর্পোরেশন ইতোমধ্যে দেড় হাজার কোটি টাকার যোগান দিয়েছে। প্রসপেক্টাস অনুমোদনের ফলে এখন বাকি সাড়ে তিন হাজার কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করতে পারবে ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
'ফিক্সড ইনকাম মিউচ্যুয়াল ফান্ড'
বুধবারের বৈঠকে 'বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচ্যুয়াল ফান্ড' নামে ৫০০ কোটি টাকার আরেকটি তহবিলের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে এসইসি।
এই ফান্ডের উদ্যোক্তাদের কাছ থেকে ২০০ কোটি টাকা, প্লেসমেন্টের মাধ্যমে ৫০ কোটি টাকা এবং প্রাথমিক দর প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫০ কোটি টাকা সংগ্রহ করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।
এই তহবিলের উদ্যোক্তা হিসাবে রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও আইসিবি ইউনিট ফান্ড। ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
সাইফুর রহমান জানান, এখন থেকে বাজারে আসা প্রতিটি মিউচ্যুয়াল ফান্ড সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের নামে পরিচিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
আগে নিয়ম ছিল মিউচ্যুয়াল ফান্ডের প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে একজন বিনিয়োগকারীকে ২৫ কোটি টাকার বেশি অংশ বরাদ্দ দেওয়া যাবে না। এই সীমাও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৮৩৬ ঘ.
bdnews24