ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দুই দিনের মতো বুধবারও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। এতে মতিঝিলে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল থেকেই দর পড়তে শুরু করে, দিনের শেষভাগ পর্যন্ত তা চলে। তিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৬০৫৮ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৫৪ পয়েন্ট কম। মঙ্গলবারও সূচক ৬০ পয়েন্ট হারিয়েছিলো ডিএসই।
লেনদেন হওয়া ৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৭টির, ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
সূচক ও শেয়ারের দাম কমলেও লেনদেন সামান্য বেড়েছে। এদিন ৪৩৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৩৫৪ কোটি টাকা।
সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানে লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
দিনের লেনদেন শেষ হওয়ার কিছু সময় আগে এক দল বিনিয়োগকারী মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করে। তারা অর্থমন্ত্রী, গভর্নর ও ডিএসই সভাপতির পদত্যাগ দাবি করেন। বাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩৪৯ ঘ.
bdnews24