দিনাজপুর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে স্থানীয় ট্রাক মালিক গ্র"প ও ট্রাক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে।
শনিবার দুপুরে দিনাজপুর জেলা পুলিশ সুপার ময়নুল ইসলামের নেতৃত্বে হাকিমপুর থানায় উপজেলা প্রশাসন, পানামা পোর্ট কর্তৃপক্ষ, ব্যবসায়ী, ট্রাক মালিক ও শ্রমিকদের সঙ্গে এক বৈঠক সমঝোতার প্রেক্ষিতে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার হয়।
পুলিশ কর্মকর্তা মো. হেলাল উদ্দীন এ কথা জানান।
বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের পানামা পোর্টের ভেতরে এক শ্রমিক বাংলাদেশি ট্রাকের চাপায় নিহত হলে বিক্ষুব্ধ শ্রমিকরা বাংলাদেশি কয়েকটি ট্রাক ভাংচুর করে। এ কারণে স্থানীয় ট্রাক মালিক গ্র"প ও ট্রাক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ আমদানি পণ্য পরিবহন না করার ঘোষণা দেয়।
হেলাল বলেন, "বন্দরের সব কার্যক্রম সচল রাখতে পানামা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া, শ্রমিকদের মধ্যে শৃঙ্খলা ফিরে আনা, অপ্রাপ্তবয়স্ক চালক ও হেলপার দিয়ে ট্রাক না চালানো, রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে না রাখা এবং বন্দরের যেকোনো সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানোর সিদ্ধান্ত হয় বৈঠকে।"
বৈঠকের পর বেলা ২টা থেকে বন্দরের অবস্থা স্বাভাবিক হয় এবং আমদানি পণ্যবাহী ট্রাক পানামা পোর্টে প্রবেশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০৫৭ ঘ.
bdnews24