ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সংস্কারসহ বিদ্যুৎ খাতের উন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এডিবির পরিচালনা পর্ষদ এ ঋণ অনুমোদন করেছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ঋণের অর্থ দিয়ে 'বিদ্যুৎ খাতের দক্ষতা বৃদ্ধি' প্রকল্পের আওতায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পুরনো পাঁচটি ইউনিটকে গ্যাস নির্ভর কম্বাইন্ড সাইকেল ইউনিটে পরিণত করা হবে।
এছাড়া সৌরশক্তিচালিত পাঁচ মেগাওয়াটের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং হাতিয়ায় বায়ু, সৌরশক্তি অথবা ডিজেলে চলে এমন একটি কেন্দ্র নির্মাণ করা হবে। বিভাগীয় শহরগুলোর সড়কবাতিগুলো সৌরশক্তি চালিত ও লাইট এমিটিং ডায়োড (এলইডি) প্রযুক্তির বাতি দিয়ে প্রতিস্থাপন করা হবে।
এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের জ্যেষ্ঠ জ্বালানি বিশেষজ্ঞ প্রিয়ান্থা বিজয়তুুঙ্গা বলেন, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা জ্বালানি সংকট। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হলে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়বে এবং কৃষি, তৈরি পোশাকসহ অন্যান্য খাতে ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এডিবিকে এই ঋণের অর্থ ফেরত দিতে হবে। এ ক্ষেত্রে লন্ডন আন্তঃ ব্যাংক সুদ হার (লাইবর) প্রযোজ্য হবে।
মোট ৫৮ কোটি ১২ লাখ ডলারের এ প্রকল্পের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংক ২০ কোটি ডলার দেবে এবং বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে আট কোটি ১০ লাখ ডলার যোগাবে।
প্রকল্পটি বাস্তবায়ন করবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি, বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন বোর্ড (পিডিবি) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।
২০১৭ সালের জুন নাগাদ এ প্রকল্প শেষ করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২২৫৫ ঘ.
bdnews24