ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন চেয়ারম্যান পেয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ পদে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম মাহফুজুর রহমানকে।
অধ্যাপক মাহফুজ তিন বছরের চুক্তিতে আইসিবিতে নিয়োগ পেলেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এ নিয়োগের আদেশ দেয়, যা বৃহস্পতিবার প্রকাশ হয়।
অধ্যাপক মাহফুজ আইসিবিতে এম খায়রুল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। খায়রুলকে এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক মাহফুজ বৃহস্পতিবার দুপুরে আইসিবির দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান। এ সময় তিনি আইসিবির কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24