২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল অপারেটরদের তরঙ্গ ফি ১৫০ কোটি টাকা

মোবাইল অপারেটরদের জন্য তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দ ফি প্রতি মেগাহার্টজ ১৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল অপারেটরদের জন্য তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দ ফি প্রতি মেগাহার্টজ ১৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে টেলিযোগাযোগ সংক্রান্ত ফি ও চার্জ পর্যালোচনা সভায় এ ফি চূড়ান্ত হয়। এ ফি বিটিআরসির খসড়া নীতিমালায় প্রস্তাবিত ফির অধের্ক। মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু বলেন, নতুন সিদ্ধান্তে অপারেটররা সন্তুষ্ট থাকবে। লাইসেন্স নবায়ন ও তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দে গত ২০ জানুয়ারি প্রস্তাবিত বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) খসড়া নীতিমালায় তরঙ্গের প্রতি মেগাহার্টজের দাম সর্বোচ্চ ৩০০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছিল। তখন মোবাইল অপারেটর বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন ও রবির যৌথভাবে এ নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানায়। বিটিআরসি'র খসড়া নীতিমালা ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে বলে মঙ্গলবার জানান মন্ত্রী রাজিউদ্দিন। তিনি বলেন, এরপরই লাইসেন্স নবায়নের আবেদন নেওয়া শুরু হবে। মোবাইল অপারেটর বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন এবং রবিকে এ আবেদন করতে হচ্ছে। তরঙ্গ বরাদ্দ ফি বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বলেন, যে প্রতিষ্ঠান যত বেশি তরঙ্গ বরাদ্দ নেবে তাদের তত বেশি ফি দিতে হবে। খসড়া নীতিমালায় বলা হয়েছে, এবার লাইসেন্স দেওয়া হবে ১৫ বছরের জন্য। 'সব ফি শোধ করতে হবে চার কিস্তিতে' ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস জানান, প্রতিটি মোবাইল অপারেটরের আয়ের ৫ দশমিক ৫ শতাংশ সরকারকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তরঙ্গের প্রতি মেগাহার্টজের ফি ১৮০০ ও ৯০০ উভয় ব্যান্ডের জন্য একই অর্থাৎ ১৫০ কোটি টাকা করে নির্ধারণ করা হয়েছে। "সোশ্যাল অবলিগেশন ফি বিটিআরসি প্রস্তাবিত মোট আয়ের ১ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ নির্ধারণ করা হয়েছে।" লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বরাদ্দে যে সব ফি নির্ধারণ করা হয়েছে তা চার কিস্তিতে শোধ করতে হবে বলে জানান সচিব। "মোট টাকার ৪৯ শতাংশ শোধ করতে হবে চলতি বছরের নভেম্বরে। বাকি ৫১ শতাংশ তিন কিস্তিতে আগামী বছর থেকে শোধ করতে হবে।" চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে আনুমানিক ছয়-সাত হাজার কোটি টাকা রাজস্ব পাওয়া যাবে বলে জানান টেলিযোগাযোগ সচিব। মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করে ফি ও চার্জের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে সচিব আশা প্রকাশ করেন, অপারেটররা আপত্তি করবে না। গত ফেব্র"য়ারিতে চার মোবাইল অপারেটর বলেছিলো, প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন হলে লাইসেন্স নবায়ন ও তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের জন্য তাদের ১৪ হাজার কোটি টাকা দিতে হবে। একসঙ্গে এত টাকা দিলে তাদের ব্যবসা হুমকির মুখে পড়বে। খসড়া নীতিমালায় লাইসেন্স নবায়ন আবেদনের সময়সীমা ছিলো ১০ মে। পরে তা আরো বাড়ানো হয়। দেশে বর্তমানে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাবে বর্তমানে সাড়ে সাত কোটির বেশি লোক মোবাইল ফোন ব্যবহার করছেন। এক কোটির বেশি গ্রাহক ইন্টারনেট সেবা নিচ্ছেন। এর ৯৪ শতাংশই মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৪৪ ঘ.

এ সম্পর্কিত আরো খবর