২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে কারসাজি: এ মাসেই মামলা

পুঁজিবাজারে কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে চলতি মাসেই মামলা করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে চলতি মাসেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক। মঙ্গলবার দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক ফররুখ আহমেদ বলেন, "পুঁজিবাজার কেলেংকারির সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। আশা করা যায় এ মাসের মধ্যেই তাদের বিরুদ্ধে মামলা করা হবে।" এর আগে ১২ জুলাই এক সংবাদ সম্মেলনেও তিনি বলেছিলেন, "পুঁজিবাজার কেলেংকারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কিছু দিনের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।" গত ডিসেম্বর-জানুয়ারিতে পুঁজিবাজারে ব্যাপক অস্থিরতার পর কারসাজির অভিযোগে রাস্তায় নেমে আসে বিনিয়োগকারীরা। টানা দরপতন ঠেকাতে না পেরে কয়েকদিন লেনদেন বন্ধ রাখা হয় দেশের দুই শেয়ারবাজারে। বিষয়টি তদন্ত করে সরকারের গঠিত কমিটি এপ্রিল মাসে একটি প্রতিবেদন দেয়। এরপর দুদকের একটি কমিটি অভিযোগগুলো আরো খতিয়ে দেখে। কাদের বিরুদ্ধে মামলা হবে জানতে চাইলে ফররুখ আহমেদ বলেন, "প্রাথমিক তদন্তে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া, তার স্ত্রী রুকসানা আক্তার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের সাবেক উপ-মহাব্যবস্থাপক কফিল উদ্দিন আহমেদ চৌধুরী, তার স্ত্রী ফারজানা আক্তার ও তাদের আত্মীয় মনসুর বিল্লাহর নাম এসেছে।" তদন্ত কমিটির প্রতিবেদনে এদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের অভিযোগ তুলে বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছিল। অন্য কারো বিরুদ্ধে মামলা হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুদক আইনের মধ্যে থেকে করা তদন্তে আপাতত এই ক'জনেরই নাম পাওয়া গেছে। তবে এ বিষয়ে তদন্ত অব্যহত থাকবে। অন্য কারো নাম এলে ব্যবস্থা নেওয়া হবে।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার করা দুর্নীতি মামলা প্রসঙ্গে দুদক মহাপরিচালক বলেন, "দুদক স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। কাউকে হয়রানির জন্য এ মামলা হয়নি। দীর্ঘদিন অনুসন্ধানের পর মামলাটি করা হয়েছে।" জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার এই মামলা করে দুর্নীতি দমন কমিশন। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর এটাই বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতির প্রথম মামলা। ফররুখ আহমেদ জানান, জুলাই মাসে বিভিন্ন বিষয়ে ৬৫৬টি অভিযোগ কমিশনে এসেছে। এর মধ্যে যাচাই বাছাই করে ১২৯টির বিষয়ে অনুসন্ধান চলছে। এছাড়া 'জ্ঞাত আয় বহির্ভূত' সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে ৪২টি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে। এসব মামলায় অভিযুক্ত করা হয়েছে ৫৩ সরকারি, বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীকে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫১টি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। পাশাপাশি ২১ জনকে তাদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৯২৭ ঘ.