ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ছয় মাসে কত দামে, কী পরিমাণ ভোজ্যতেল আমদানি করা হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে ১৬ অগাস্ট এই তালিকা আদালতে জমা দিতে হবে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
একইসঙ্গে আদালতের নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতার কারণ লিখিতভাবে জানাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি বিষয়ক কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১১ অগাস্ট আদালতে হাজির হয়ে তা জানাতে হবে।
সংগঠনটির আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এর আগে গত ২৮ নভেম্বর একই আদালত টিসিবি চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি বিষয়ক কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রকসহ চার জনকে ভোজ্যতেলে আমদানি সংক্রান্ত ছয় মাসের তথ্য দিতে বলেছিল। কিন্তু তারা তা দাখিল করেননি।
সংগঠনটির একটি সম্পূরক আবেদনে গত ২৪ জুলাই হাইকোর্ট ওই চারজনকে চিনি মজুদ ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে আদালতে হাজির হতে বলে।
এদের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আনোয়ারুল ইসলাম আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে না পারার কারণে মঙ্গলবার লিখিতভাবে ক্ষমা চাইলে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বাকি তিনজনকে আগামী ১১ অগাস্ট আদালতে হাজির হয়ে ভোজ্য তেল আমদানির তথ্য উপস্থাপনের পাশাপাশি আদালতের আগের নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতার কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
আদালত বলেছে, ওইদিন যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে 'আদালত অবমাননার' মামলা হবে।
মঙ্গলবার টিসিবি চেয়ারম্যান সারোয়ার জাহানের পক্ষে আব্দুল হালিম, আমদানি ও রপ্তানি বিষয়ক কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক এম এ সবুরের পক্ষে অ্যাডভোকেট তোবারক হোসেন শুনানিতে অংশ নেন।
তবে ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৮১৪ ঘ.
bdnews24