ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের স্থিতিশীল রক্ষায় একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি)।
সোমবার এসইসির সঙ্গে মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে এসইসির মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, "বাজারকে স্থিতিশীল করতে এর সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমাধানের পথ বের করতে এই কমিটি কাজ করবে।"
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
গত ২৮ জুন থেকে ১৭ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৭৪০ পয়েন্ট বেড়ে ২৪ জুলাই ৬ হাজার ৭১০ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়ায়। এরপর ১০ কার্যদিবসে তা ৫৯০ দশমিক ৩৭ পয়েন্ট কমে রোববার ৬ হাজার ১২০ পয়েন্ট হয়।
কর্তৃপক্ষ ও বাজার বিশ্লেষকরা সূচকের এই পতনকে মূল্য সংশাধন বললেও এর প্রতিবাদে রাস্তায় নামে বিনিয়োগকারীরা। 'বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ' নামের একটি সংগঠন রোববার ডিএসইর সামনে বিক্ষোভ করে এবং অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগ দাবি করে।
বিক্ষোভের সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সাংবাদিকদের বলেন, "বিক্ষোভে কোনো বিনিয়োগকারী নেই। তারা ফটকাবাজ। প্রকৃত বিনিয়োগকারীরা কখনো বিক্ষোভ করে না।"
সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পুঁজিবাজার অস্থিতিশীল হওয়ার কোনো কারণ নেই। কয়েকজন মিলে বাজারে কারসাজি করছে।"
টানা পতনের পর সোমবার চাঙাভাবেই লেনদেন শেষ করে ঢাকার পুঁজিবাজার। দিন শেষে সূচক দাঁড়ায় ৬২২৩ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১০৩ পয়েন্ট বেশি।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে (এসইসি) গিয়ে ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয়। তাদের দাবির মধ্যে রয়েছে- বাংলাদেশ ফান্ডের আকার ৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার কোটি টাকা করা, বিনিয়োগ নিরাপত্তা আইন প্রণয়ন, পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের লগ্নি করা অর্থ দুই বছর পর্যন্ত না তোলার বাধ্যবাধকতা আরোপ, মার্জিন লোনের হার ১:২ কার্যকর ইত্যাদি।
পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী সাংবাদিকদের বলেন, এ সব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে এসইসি।
বিকেলে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে এসইসি।
পরে এসইসি মুখপাত্র সাংবাদিকদের বলেন, শেয়ার গবেষণা ও পরামর্শক সেবার সুযোগ দেওয়ার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এটি হলে শেয়ার কেনা-বেচার ক্ষেত্রে পেশাদার পরামর্শকের কাজ করার সুযোগ সৃষ্টি হবে।
বৈঠক শেষে বেরিয়ে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ওয়ালিউর রহমান সাংবাদিকদের বলেন, মার্চেন্ট ব্যাংকের দক্ষতা ও তহবিল বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর বিষয়েও কথা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২২৫২ ঘ.
bdnews24