২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চালু হলো ৫টি 'সমবায় বাজার'

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ন্যায্যমূল্যের চারটি দোকান নতুন আদলে চালু করেছে সমবায় অধিদপ্তর। পাশাপাশি চালু হয়েছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) একটি ন্যায্যমূল্যের দোকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ন্যায্যমূল্যের চারটি দোকান নতুন আদলে চালু করেছে সমবায় অধিদপ্তর। পাশাপাশি চালু হয়েছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) একটি ন্যায্যমূল্যের দোকান। সংস্থা দুটির নিজস্ব কর্মীরাই 'সমবায় বাজার' নামে এই দোকানগুলো পরিচালনা করবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রোববার শ্যামলী কিংশুক, দারুস সালাম, মহাখালী, আজিমপুর ও আরডিএ সমবায় বাজারের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সারাদেশে সমবায় বাজার গড়ে তোলা হবে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আরডিএ ইতোমধ্যে ১৫০টি প্রকল্পের মাধ্যমে গ্রামের সমবায়ীদের উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।" কৃষকের উৎপাদিত পণ্য ঢাকায় এনে এসব দোকানে পাইকারি ও খুচরা বাজারের চেয়ে কম দামে বিক্রি করা হবে জানিয়ে নানক বলেন, "এতে দালাল ও মধ্যস্বত্ত্বভোগীদের অপতৎপরতা কমে আসবে, বাজার স্থিতিশীল হবে।" সমবায় অধিদপ্তরের নিবন্ধক মুশফেকা ইকফাৎ, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক এমএ মতিন ও মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খান তরুণসহ সংশ্লিষ্টরা এসব দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিডিআর শপ নামে চালু করা দোকানগুলো নতুন করে সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে চালু করার বিষয়ে গত জুন মাসে সিদ্ধান্ত নেয় সরকার। ২০০৭ সালে বিডিআরের তত্ত্বাবধানে (বর্তমান বিজিবি) রাজধানীতে ১১টি 'বিডিআর শপ' চালু করা হয়। এর মধ্যে তিনটি পরে বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহের পর তৎকালীন বিডিআর সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, তারা আর এই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় আগ্রহী নয়। বাংলাদেশ রাইফেলস কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে পরিচালিত এসব দোকান হস্তান্তরের ব্যাপারে সুপারিশ ও দিক নির্দেশনা চায় তারা। গত বছর জানুয়ারিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ওই দোকানগুলোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আগ্রহ প্রকাশ করে। বিডিআর শপের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব সমবায় অধিদপ্তরের হাতে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে তারা। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিডিআর শপে বাড়তি দায়িত্ব পালনের জন্য রাইফেলস সদস্যদের অতিরিক্ত অর্থ দেওয়া হতো না। এসব দোকানের লাভের কোনো অংশও তারা পেত না। এ নিয়ে বিডিআর সদস্যদের মধ্যে ক্ষোভ ছিল। রক্তক্ষয়ী ওই বিদ্রোহের পর বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/১৯০৭ ঘ.