২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভকারীরা ফটকাবাজ: অর্থমন্ত্রী

পুঁজিবাজারে ব্যাপক দরপতনের পর মতিঝিলে বিক্ষোভকারীদের 'ফটকাবাজ' বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ব্যাপক দরপতনের পর মতিঝিলে বিক্ষোভকারীদের 'ফটকাবাজ' বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনে বিক্ষোভের প্রতিক্রিয়ায় তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বিক্ষোভে কোনো বিনিয়োগকারী নেই। তারা ফটকাবাজ। প্রকৃত বিনিয়োগকারীরা কখনো বিক্ষোভ করে না।" এ দিন ডিএইতে সূচক পড়েছে ১৩৯ পয়েন্ট। কমেছে লেনদেন ও প্রায় সব শেয়ারের দাম। এরপর অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয় মতিঝিলে। ডিএসইতে গত বৃহস্পতিবার সূচক ১২৯ পয়েন্ট কমে। তখনও বাংলাদেশ পুঁজিবাজার ঐক্য পরিষদের ব্যানারে মতিঝিলে বিক্ষোভ করে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। টানা এক সপ্তাহ দরপতনের পর গত বুধবারও বিক্ষোভ করেছিলো বিনিয়োগকারীরা। তবে পরদিনই চাঙাভাব ফেরে পুঁজিবাজারে। এক দিনেই সূচক বাড়ে প্রায় দু'শ' পয়েন্ট। এরপর ফের পতনের ধারায় ফেরে পুঁজিবাজার। অর্থমন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল করতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচেছ, যার সুফল বিনিয়োগকারীরা পাবে। তবে বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে বিনিয়োগের পরামর্শ দেন তিনি। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পুঁজিবাজারে ধসের প্রভাব বাংলাদেশে পড়ছে কি না, জানতে চাইলে 'না' সূচক উত্তর দেন মুহিত। রোববার ব্যাপক দরপতনের পর দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। অনির্ধারিত এ বৈঠকের বিষয়ে মুহিত বলেন, বিদেশ থেকে ফেরার পর এসইসি চেয়ারম্যান তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এছাড়া বৈঠকে বুক বিল্ডিং পদ্ধতি নিয়েও আলোচনা হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খায়রুল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, বিনিয়োগকারীদের ভয়ের কিছু নেই। বাজার স্থিতিশীল করতে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ঝুঁকি এড়াতে মৌলভিত্তি সম্পন্ন শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। বন্ধ হয়ে থাকা বুক বিল্ডিং পদ্ধতির নীতিমালা এ মাসের ১১ তারিখের মধ্যে চূড়ান্ত হবে বলে জানান খায়রুল। তিনি বলেন, বাজারে অস্থিরতার পেছনে দায়ী ব্যক্তিদের বিচার প্রচলিত আইনেই হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬২৪ ঘ.