২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার স্থিতিশীল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে: এসইসি

সপ্তাহের প্রথম দিনে ঢাকার পুঁজিবাজারে ব্যাপক দরপতনের পর অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিনে ঢাকার পুঁজিবাজারে ব্যাপক দরপতনের পর অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। রোববার দুপুরে অনির্ধারিত এক বৈঠকে সচিবালয়ে যান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক পড়েছে ১৩৯ পয়েন্ট। কমেছে লেনদেন ও প্রায় সব শেয়ারের দাম। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, বিনিয়োগকারীদের ভয়ের কিছু নেই। বাজার স্থিতিশীল করতে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ঝুঁকি এড়াতে মৌলভিত্তি সম্পন্ন শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন এসইসি চেয়ারম্যান। বন্ধ হয়ে থাকা বুক বিল্ডিং পদ্ধতির নীতিমালা এ মাসের ১১ তারিখের মধ্যে চূড়ান্ত হবে বলে জানান তিনি। বাজারে অস্থিরতার পেছনে দায়ী ব্যক্তিদের বিচার প্রচলিত আইনেই হবে বলে জানান খায়রুল। ডিএসইতে গত বৃহস্পতিবার সূচক ১২৯ পয়েন্ট কমে। তখনও মতিঝিলে বিক্ষোভ করে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। টানা এক সপ্তাহ দরপতনের পর গত বুধবারও বিক্ষোভ করেছিলো বিনিয়োগকারীরা। তবে পরদিনই চাঙাভাব ফেরে পুঁজিবাজারে। এক দিনেই সূচক বাড়ে প্রায় দু'শ' পয়েন্ট। এরপর ফের পতনের ধারায় ফেরে পুঁজিবাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬১০ ঘ.