২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই সূচক আরো কমেছে, বিক্ষোভ

সপ্তাহের প্রথম দিনে ঢাকার পুঁজিবাজারে আবার ব্যাপক দরপতন হওয়ায় বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। সূচক পড়েছে একশ পয়েন্টের বেশি। কমেছে লেনদেন ও প্রায় সব শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 04:56 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিনে ঢাকার পুঁজিবাজারে আবার ব্যাপক দরপতন হওয়ায় বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। সূচক পড়েছে একশ পয়েন্টের বেশি। কমেছে লেনদেন ও প্রায় সব শেয়ারের দাম। রমজানে পুনর্র্নিধারিত সময় রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। প্রথম ১৫ মিনিটেই সূচক ১০০ পয়েন্ট কমে যায়। বেলা ১১টা ২১ মিনিটে সাধারণ সূচক ছিলো ৬০৮২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১৭৭ পয়েন্ট কম। এরপর অবশ্য সূচক কিছুটা বাড়ে। দুপুর ১২টা ১৯ মিনিটে সূচক অবস্থান করছিলো ৬১০২ পয়েন্টে, এ অঙ্ক দিনের শুরুর চেয়ে ১৫৭ পয়েন্ট কম। এরপর দিন শেষে সূচক কিছুটা বেড়ে ৬১২০ পয়েন্টে দাঁড়ায়, তাও দিনের শুরুর চেয়ে ১৩৯ পয়েন্ট কম। সারাদিনে ৫৬০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিন মোট লেনদেনের পরিমাণ ছিলো ৬১৮ কোটি টাকা। লেনদেন হওয়া মাত্র ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১০টির, ৯টির দাম অপরিবর্তিত ছিলো। ব্যাপক দরপতন দেখে দুপুর সোয়া ১২টার দিকে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা। তাদের হাতে ফেস্টুন ছিলো। তাতে পুঁজিবাজারে জাতীয় রাজস্ব বোর্ডের হস্তক্ষেপ বন্ধের দাবি সম্বলিত স্লোগান ছিলো। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তারা বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ডিএসই ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্লোগান দেয় তারা। দাবি করে অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগও। দুপুর দেড়টায় লেনদেন শেষ হওয়ার পর হাজার খানেক বিনিয়োগকারী মিছিল বের করে। এ সময় মতিঝিলের ওই সড়কে গাড়ি চলাচল ব্যাহত হয়। ডিএসইতে গত বৃহস্পতিবার সূচক ১২৯ পয়েন্ট কমে। এতে মতিঝিলে বিক্ষোভ করে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। টানা এক সপ্তাহ দরপতনের পর গত বুধবারও বিক্ষোভ করেছিলো বিনিয়োগকারীরা। তবে পরদিনই চাঙাভাব ফেরে পুঁজিবাজারে। এক দিনেই সূচক বাড়ে প্রায় দু'শ' পয়েন্ট। এরপর ফের পতনের ধারায় ফেরে পুঁজিবাজার। বাজারে এ অস্থিরতা চললেও পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অবশ্য বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছে, বাজারের ওপর তাদের সতর্ক দৃষ্টি রয়েছে। সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানের পুরোটা সময় লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩৫৫ ঘ.