ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিযোগিতা সৃষ্টির জন্য দেশে আরো ব্যাংক প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
রাজধানীতে এক আলোচনা সভায় তিনি শনিবার বলেন, বলেন, "বর্তমানে দেশে প্রতি ২২ হাজার মানুষের সেবা দেওয়ার জন্য ব্যাংকের একটি শাখা রয়েছে। ভারতে রয়েছে ১৫ হাজার মানুষের জন্য একটি শাখা। তাই দেশে নতুন ব্যাংকের প্রয়োজন আছে। এতে প্রতিযোগিতা সৃষ্টি হবে।"
প্রতিযোগিতা না থাকলে কী হয় তার উদাহরণ টেনে সাবেক গভর্নর বলেন, "আগে ২৫ হাজার টাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ পাওয়া যেত। ৫০ বছর পরে তার দাম এখন ১২৫ কোটি টাকা। প্রতিযোগিতা থাকলে এ সমস্যা হতো না।"
'দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে' মত বিনিময়ে এ সভা আয়োজন করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সভায় অর্থমন্ত্রী উপস্থিত থাকলেও নতুন ব্যাংকের বিষয়ে কোনো মত দেননি।
গত ২৪ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, "আমার ধারণা, বাংলাদেশ ব্যাংক বলবে যে এই মুহূর্তে বাজার পরিপূর্ণ। তবে নতুন ব্যাংক লাইসেন্স দেওয়ার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক।"
"এটি (নতুন ব্যাংককে লাইসেন্স প্রদান) সরকারের ইচ্ছা। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে", যোগ করেন তিনি।
এর আগে জাতীয় সংসদেও নতুন ব্যাংক লাইসেন্স দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে আপত্তি জানিয়ে বলে আসছে, এই মুহূর্তে বাজারে আর নতুন ব্যাংকের প্রয়োজন নেই।
এক ব্যবসায়ী শনিবার পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য জানতে চাইলে মুহিত বলেন, "কেউ যদি আশা করে প্রতিদিন শেয়ারবাজার বাড়বে, তাহলে সে পাগল ছাড়া কিছু নয়। এসইসি নতুন নতুন অনেক পদক্ষেপ নিচ্ছে। আমরা তাদের কাজে সন্তুষ্ট।"
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) শক্তিশালী করার আহ্বান জানিয়ে ফরাসউদ্দিন বলেন, "টিসিবিকে জোরদার করার মাধ্যমে অন্যদের বাজারে প্রতিযোগী করতে হবে।"
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "গত সরকারের সময় টিসিবিকে অকার্যকর করে ফেলা হয়েছিল। আমরা এটাকে যথেষ্ঠ শক্তিশালী করেছি।"
bdnews24