ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্যবাহী গাড়ি ছিনতাই ও পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে সোমবার থেকে সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদ।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক আমান উল্লাহ।
সংশ্লিষ্টরা জানায়, সারাদেশে ওষুধ, বৈদ্যুতিক এবং মুদি দোকানের পণ্য পরিবহন করে এ সংগঠন। শাক-সজ্বির মতো পচনশীল পণ্য এ সংগঠনটি পরিবহন না করলেও তারা ধর্মঘট ডাকলে চাপ বেড়ে যাওয়ায় সে সব পণ্য পরিবহন ব্যাহত হবে।
আমান উল্লাহ বলেন, "স্থলপথে পণ্য পরিবহন ব্যবসায় একটি সঙ্কটকাল চলছে। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী গাড়ি ছিনতাই ব্যাপকভাবে বেড়েছে।"
গত ছয় মাসে ১০টি পণ্যবাহী গাড়ি ছিনতাই এবং ৬০টি গাড়ির ত্রিপল কেটে প্রায় ৩০ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী, এ ধরনের ঘটনা বেশি ঘটছে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়া, নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ, কুমিল্লার দাউদকান্দি, চৌদ্দগ্রাম এবং চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এলাকায়।
এ সমিতির নেতারা জানান, প্রতিদিন তাদের প্রায় ১ হাজার ট্রাক পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে আসা-যাওয়া করে।
দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য আনা-নেওয়ার গাড়িগুলো রাজধানীতে রাত ১০টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারে।
তবে পুলিশ একটি 'মৌখিক নির্দেশ' দিয়ে সকাল ৬টার পর গাড়ি পেলেও তা আটকে মামলা দিচ্ছে বলে অভিযোগ করেন আমান। এর পাশাপাশি পণ্যবাহী গাড়ি থেকে পুলিশ চাঁদা নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনার প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিত আবেদন জানিয়েও তার কোনো সদুত্তর পাননি দাবি করেন আমান।
সংগঠনের অন্য দাবির মধ্যে রয়েছে- রাজধানীতে রাত ৯টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত ঢোকার সুযোগ, পণ্য খালাস শেষে গাড়ি বের হতে কিংবা পণ্য নিয়ে ঢুকতে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব হলে বাবুবাজার বেড়িবাঁধ, বাইবাস ও বুড়িগঙ্গা সেতু দিয়ে চলাচলের সুযোগ এবং পুরাতন ঢাকায় টার্মিনাল না থাকায় বেড়িবাঁধ ও বুড়িগঙ্গা সেতুর পাশে কিছু গাড়ি রাখতে দেওয়ার সুযোগ দেওয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আব্দুল মান্নান, উপদেষ্টা ইকবাল মাহমুদ, নুরুল আমিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৭২০ ঘ.
bdnews24