২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মন্ত্রণালয়কে 'কাজও' করতে বললেন সুরঞ্জিত

'বক্তৃতাবাজি' না করে 'কাজ' করতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বক্তৃতাবাজি' না করে 'কাজ' করতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, "বাণিজ্য মন্ত্রণালয়কে বলবো, বক্তৃতাবাজি নয়- কাজের কাজটিও করতে হবে। বাজারের সঙ্গে প্রতিযোগিতায় সরকারকে অর্থাৎ পাবলিক সেক্টরকেও এগিয়ে যেতে হবে। বাজার শুধু ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিলে চলবে না।" বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত ওই আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, "রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) আরো কার্যকর করা যেতো।" "বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগ কার্যকর থাকলে বর্তমানে দ্রব্যমূল্যের এ পরিস্থিতি হতো না," বলেন তিনি। রমজান উপলক্ষে গত ২০ জুলাই খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিনের দাম ১০৯ টাকা নির্ধারণ করে সরকার। তবে বাজারে এ দামে এসব পণ্য বিক্রি হচ্ছে না। 'সংবিধান, আইন ও বিচার বিভাগের অবমাননা-গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র' শিরোনামে আলোচনা সভাটি আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি নামে একটি সংগঠন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/পিডি/১৮৩৪ ঘ.