ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিনির বাজার স্থিতিশীল রাখতে রাজধানীর ১০টি স্থানে ৬২ টাকা কেজি দরে চিনি বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বৃহস্পতিবার সকাল থেকে টিসিবির কর্মীরা ট্রাকে করে চিনি বিক্রির এই কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান।
তিনি বলেন, সরকার মূল্য নির্ধারণ করে দেওয়ার পরও বাজারে চিনির দাম অস্থিতিশীল রয়েছে। এ অবস্থায় রমজানে চিনির বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত টিসিবির এ চিনি বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে।
১০টি স্থান হলো- জাতীয় প্রেসক্লাবের সামনে, শাহজাহানপুর রেলওয়ে কলোনী, মতিঝিল ব্যাংক কলোনী, যাত্রাবাড়ী মোড়, নয়াবাজার মোড়, ইডেন কলেজের সামনে আজিমপুর মোড়, শেরে বাংলানগর পরিকল্পনা কমিশনের সামনে, মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস গেট, শ্যামলী সিনেমা হলের সামনে এবং মধ্য বাড্ডা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৩২৭ ঘ.
bdnews24