ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ব্যাপক দরপতনের পর মতিঝিলে বিক্ষোভে নেমেছে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। তাদের হাতে লাঞ্ছিত হয়েছেন দুই সংবাদকর্মী। মতিঝিলে সড়কে গাড়ি চলাচল হয়েছে ব্যাহত।
আগের দিন ব্যাপক উত্থানের পর সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার শুরুতে কিছু সময় ওঠানামা চললেও এরপর দরপতন হয় ঢাকার পুঁজিবাজারে। সূচক কমেছে একশ পয়েন্টের বেশি। কমেছে প্রায় সব শেয়ারের দাম।
দিনের লেনদেন শেষ হওয়ার ৫ মিনিট আগে হাজার খানেক বিনিয়োগকারী বিক্ষোভ শুরু করে। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে তারা বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্লোগান দেয়। অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগও দাবি করে তারা।
বিক্ষোভের চিত্র ধারণের সময় লাঞ্ছিত হন মাছরাঙা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দুই সংবাদকর্মী। মাছরাঙার চিত্রগ্রাহক হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, "তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বলতে থাকে- সাংবাদিকরা বাজার ফেলে দিচ্ছে।"
মতিঝিলে সড়কজুড়ে মিছিল করায় শাপলা চত্বর থেকে আর কে মিশন রোড পর্যন্ত এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তবে ২০ মিনিট পর ২টার দিকে বিক্ষোভকারীরা পুনরায় ডিএসইর সামনে জড়ো হলে সড়কে গাড়ি চলাচল শুরু হয়।
টানা এক সপ্তাহ দরপতনের পর মঙ্গলবারও বিক্ষোভ করেছিলো বিনিয়োগকারীরা। তবে পরদিনই চাঙাভাব ফেরে পুঁজিবাজারে। এক দিনেই সূচক বাড়ে প্রায় দু'শ' পয়েন্ট।
রমজানে পুনর্নির্ধারিত সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। শুরুতে সূচক কিছুটা বেড়ে পরে তা কমতে থাকে।
দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬২৬২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১২৬ পয়েন্ট কম। মোট ৬১৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। বুধবার মোট লেনদেনের পরিমাণ ছিলো ৬১১ কোটি টাকা।
লেনদেন হওয়া মাত্র ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪১টির, ৫টির দাম অপরিবর্তিত ছিলো।
বাজারে এ অস্থিরতা চললেও পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অবশ্য বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছে, বাজারের ওপর তাদের সতর্ক দৃষ্টি রয়েছে।
সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানের পুরোটা সময় লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৪০৯ ঘ.
bdnews24