ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর বাজারে অভিযান চালিয়ে ৩২টি প্রতিষ্ঠান থেকে তিন লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মোড়কের গায়ে বিক্রয়মূল্য না থাকা এবং অধিক দামে তেল ও চিনি বিক্রিসহ বিভিন্ন অভিযোগে এ জারিমানা আদায় করা হয়।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠানটি এই অভিযান চালায় বলে এক তথ্যবিরবণীতে জানানো হয়।
তথ্যবিরবণীতে বলা হয়, ঢাকার পান্থপথ বৌবাজারের তালুকদার ট্রেডার্স ও বিসমিল্লাহ স্টোরকে বিভিন্ন প্যাকেটজাত পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকা সত্ত্বেও দোকানে রাখায় ২৫ হাজার টাকা, সপ্নীল রেস্তোরাঁ ও ভাগ্যকুল সুইটস অ্যান্ড বেকারিকে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, সংরক্ষণ ও বিতরণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ওই জরিমানার টাকা আদায়ও করা হয়।
কচুক্ষেত এলাকার রজনীগন্ধা সুপার মার্কেটের তন্নী জেনারেল স্টোরকে পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকায় ৫ হাজার টাকা, পাটোয়ারী জেনারেল স্টের, নিউ সুজন জেনারেল স্টোর ও ভাই ভাই জেনারেল স্টোরকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে চিনি ও তেল বিক্রয় করায় ৫৫ হাজার টাকা, মজুমদার ট্রেডার্স ও শহীদ এন্টারপ্রাইজকে দোকানে চিনি থাকা সত্ত্বেও নির্ধারিত মূল্যে সরবরাহ না করায় ৮০ হাজার টাকা, ভাই ভাই ক্লিনিক ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানার টাকা আদায়ও করা হয়।
চট্টগ্রামের চাঁদগাও থানাধীন বহদ্দারহাট এলাকার ৮টি দোকান থেকে বিভিন্ন অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। খুলনা সদর থানার ফারাজি পাড়া এলাকায় বিভিন্ন অপরাধে পাঁচটি দোকান থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক এবিএম বদিউজ্জামান ও মো. মনিরুজ্জামান ঢাকায়, উপ-পরিচালক মো. জুবায়ের আহমেদ চট্টগ্রামে এবং উপ-পরিচালক আবুল হাশেম খুলনায় অভিযানে নেতৃত্ব দেন।
ভোক্তাদের সংগঠন (ক্যাব), মৎস অধিদপ্তরের প্রতিনিধি, র্যাব, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং আরএমপির টিম এ অভিযানে সহায়তা প্রদান করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/ডিডি/০০০০ ঘ.
bdnews24