২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খুচরা বাজারে চিনি সংকট

ব্যবসায়ীদের সরবরাহ স্বাভাবিক রাখার ঘোষণা সত্ত্বেও চট্টগ্রামের খুচরা বাজারে চিনি সংকট দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের সরবরাহ স্বাভাবিক রাখার ঘোষণা সত্ত্বেও চট্টগ্রামের খুচরা বাজারে চিনি সংকট দেখা দিয়েছে। রমজানে দাম সহনীয় রাখতে সরকারের মূল্য নির্ধারণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন পদক্ষেপের কারণে খুচরা বিক্রেতারা বেশি দামে চিনি বিক্রির পরিবর্তে বিক্রি বন্ধ করে দিয়েছে। বুধবার নগরীর বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কামাল বাজার, বকশিরহাট এবং পাড়া মহল্লার বেশিরভাগ দোকানিই চিনি বিক্রি করেননি। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকাররা চিনি সরবরাহ করতে না পারায় বাজারে চিনি সংকট চলছে। পাইকারি বিক্রেতারা বলছেন, মিল মলিকরা চাহিদার বিপরীতে যথাযথ সরবরাহ দিতে না পারায় চিনি দেওয়া যাচ্ছে না। রমজান শুরুর আগে গত ২৪ জুলাই মিল মালিক ও ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে চিনির সরবরাহ স্বাভাবিক এবং সরকার নির্ধারিত দামে বিক্রির আশ্বাস দিয়েছিলেন। মিল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা একে অন্যের ওপর দোষ চেপে পার পেলেও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। চাহিদা থাকায় বেশি দামেই চিনি কিনতে হচ্ছে। বাজারে চিনি নেই নগরীর বহদ্দারহাট বাজারের এম কে স্টোরের বিক্রয়কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিনি পাওয়া যাচ্ছে না, তাই বিক্রি বন্ধ রেখেছি। "যেসব পাইকারের কাছ থেকে চিনি আনি তারা চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছেন না। যা পচ্ছি তা আনতে সময় লাগছে বেশি।" চকবাজার খলিল স্টোরের স্বত্ত্বাধীকারী মো. শাহজাহান বলেন, চাহিদার বিপরীতে ১০ শতাংশ চিনিও পাচ্ছি না। যা পাই তার জন্য অনেক সময় নষ্ট হয়। তাই চিনি বিক্রি বন্ধ করে দিয়েছি। এদিকে বাজারে চিনি না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা। চকবাজারে চিনি কিনতে আসা গার্মেন্টকর্মী সাদিয়া ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের প্রায় প্রতিদিন চিনি কিনতে হয়। বেশি দাম দিয়ে কিনতে চাইলেও দোকানিরা চিনি দেয়নি বলে জানান তিনি। একই বাজারে আসা একটি বেসরকারি কলেজের শিক্ষক আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিন দিন সব কিছুর দাম বাড়ছে। আজ বাজারে এসে চিনিই পাচ্ছি না। জরিমানার ভয়ে চিনি বিক্রি বন্ধ চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কারণ দেখিয়ে চট্টগ্রামের বাজারগুলোতে চিনি বিক্রি করছেন না খুচরা ব্যবসায়ীরা। কোথাও কোথাও বেশি দামে চিনি বিক্রি হচ্ছে। তবে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ভয়ে বেশিরভাগ খুচরা ব্যবসায়ী চিনি বিক্রি করছেন না। তারা বলছেন, পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে চিনি বিক্রি করলেও ভ্রাম্যমাণ আদলাত সেখানে জরিমানা না করে খুচরা ব্যবসায়ীদের জরিমানা করেন। তাই চিনি বিক্রি করছেন না তারা। বহদ্দারহাট সাব্বির-সাবিক স্টোরের ম্যানেজার মো. মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে পাইকারি বাজার থেকে কিনতে হয়। "কিন্তু ভ্রাম্যমাণ আদালত সেখানে জরিমানা না করে খুচরা ব্যবসায়ীদের জরিমানা করেন। তাই চিনি বিক্রি করছি না।" বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২১১৭ ঘ.