মৌলভীবাজার, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় দুটি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকাশ কান্তি চৌধুরী এ জরিমানা আদায় করেন। তাকে সহযোগিতা করেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক মঞ্জুর আহমেদ সিদ্দিকী।
সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অতিরিক্ত মূল্যে চিনি বিক্রির অপরাধে সেন্ট্রাল রোডের জননী এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা ও নাসির ট্রেডার্র্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, জরিমানার অর্থ মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে কোষাগারে জমা করা হয়েছে।
রজমানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সরকার নির্ধারিত চিনির দাম প্রতি কেজি ৬৫ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯৩৩ ঘ.
bdnews24