ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা পঞ্চম দিনের মতো পুঁজিবাজারে দরপতনকে 'স্বাভাবিক মূল্য সংশোধন' হিসেবে উল্লেখ করে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা।
তাদের মতে, কয়েকদিন টানা ঊর্দ্ধগতির পর বিনিয়োগকারীরা লাভ নিয়ে শেয়ার ছেড়ে দেওয়ায় বাজার সংশোধন হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১২৮ দশমিক ১৮ পয়েন্ট কমে রোববার ৬ হাজার ৪৫৯ দশমিক ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ বাজারে গত পাঁচদিনে সাধারণ মূল্য সূচক কমেছে ২৫০ দশমিক ৯১ পয়েন্ট। এর আগের চারদিনে সূচক বেড়েছিল ২২৩ দশমিক ৯৫ পয়েন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচকও টানা পাঁচদিন কমার পর রোববার ১১ হাজার ৮২৫ দশমিক ৪৫ পয়েন্টে ঠেকেছে।
চট্টগ্রামের শেয়ার বাজারে গত পাঁচদিনে সিএসসিএক্স সূচক কমেছে ৫১২ দশমিক ৯৮ পয়েন্ট। এর আগে চারদিনে সূচক বেড়েছিল ৫৮৪ দশমিক ২৫ পয়েন্ট।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মুর্তজা আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা স্বাভাবিক মূল্য সংশোধন। সূচক বেশ কিছু বেড়েছিল, এখন প্রফিট টেকিং হচ্ছে।"
এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সাইদ বলেন, "ডিএসইতে রোববার ১ হাজার ৩০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এ থেকে বোঝা যায় বাজারে ক্রেতা আছে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।"
ডিএসইতে এদিন মোট ১ হাজার ৩৪১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে মাত্র ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২১টির; আর দুটির দাম অপরিবর্তিত ছিলো।
গত বৃহস্পতিবার এ বাজারে ১ হাজার ৮০৪ কোটি টাকার শেয়ার লেনদেনের হয়েছিল।
সিএসইতে রোবাবর ১৪৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৩১টির। অপরিবর্তিত রয়েছে ৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিলো ১৮১ কোটি ৮১ লাখ টাকা।
ডিএসইতে রোববার লেনদেনের শীর্ষে ছিল- গ্রামীণ ফোন, আরএন স্পিনিং, আফতাব অটো, যমুনা অয়েল, এমআই সিমেন্ট, মালেক স্পিনিং, সামিট পাওয়ার, ইনাইটেড এয়ার, ন্যাশনাল ব্যাংক ও বেক্সিমকো ফার্মার শেয়ার।
এদিন ৪৮টি প্রতিষ্ঠান তাদের অর্ধ-বার্ষিক (জানু-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া আইসিবির মিউচুয়াল ফান্ডগুলোও লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে ছিল- ন্যাশনাল পলিমার, প্রিমিয়ার ব্যাংক, কোহিনুর কেমিকেলস, ন্যাশনাল টি, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, রেকিট বেনকিজার, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড, মুন্নু সিরামিক, হাক্কানি পাল্প ও রূপালি ব্যাংকের শেয়ার।
আর দাম কমার তালিকার শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো- ম্যাকসন্স স্পিনিং, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান, এসপি সিরামিকস, বিকন ফার্মা, অ্যারামিট, আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ঢাকা ডায়িং, গ্রামীণ ফোন, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড-ওয়ান ও মেট্রো স্পিনিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০২১ ঘ.
bdnews24